ছোটবেলায় কোন এক দিন… কোন এক ক্ষণে… বাবা বলেছিলো “বাবা হ… বুঝবি”…। ছোট বেলা থেকে চেষ্টা ছিলো তোমার মতো হবার, কিন্তু আজ বাবা হয়েও তোমার মতো হতে পারিনি। শিখতে পারিনি.. অনেক কিছুও… কিন্তু একটা কথা খুব ভালোভাবে জানি.. জীবনের সব যুদ্ধে হেরে গিয়ে, যদি পেছন ফিরে তাকাই, দেখবো..তুমি আছো- থাকবে নীরবে- নিঃশব্দে। তাই এখনো মাঝে মাঝে তোমায় বুঝতে পারিনা… তুমি আসলে কি?
হয়তো সামনাসামনি বাবাকে কোনোদিন বলা হয়ে ওঠেনি “বাবা, তোমাকে অনেক ভালোবাসি।” কিংবা স্মৃতির পাতায় জমা হয়ে আছে এমন কোনো ভালোবাসার গল্প, যা বুক ঠেলে বাইরে আসতে চায়। অস্ট্রেলিয়ায় প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম রবিবার পালিত হয় বাবা দিবস। এটি নিঃসন্দেহে একটি বিশেষ দিন। তবে আমাদের সংস্কৃতি ও পারিবারিক মূল্যবোধে বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা কোনো একটি নির্দিষ্ট দিনের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের কাছে প্রতিটি দিনই বাবাকে ভালোবাসার দিন, বাবাকে স্মরণ করার দিন।
কিন্তু আমাদের বহুসাংস্কৃতিক ও অভিবাসী কমিউনিটির অনেকের কাছে বাবা দিবসের অনুভূতি আরও গভীর এবং আবেগময়। প্রথম প্রজন্মের অভিবাসী হিসেবে আমাদের অনেকেই বসবাস করছি জন্মভুমি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। আমরা এখানে নতুন জীবন গড়ে তুলছি, আমাদের সন্তানরা বড় হচ্ছে এই দেশে; অথচ আমাদের বাবা হয়তো রয়ে গেছেন সেই দূর দেশের বাড়িতে যেখানে আমাদের শৈশব, আমাদের বেড়ে ওঠা এবং জীবনের প্রথম স্বপ্নগুলো গড়ে উঠেছিল।
যে লেখা গুলো প্রকাশিত হয়েছে:
শিক্ষাবিদ, ভাষাবিদ ও সংগীতানুরাগী: এক অনন্য ব্যক্তিত্বের গল্প: রায়হান সাদ ফেরদৌসী
বাবার কাছ থেকে পাওয়া আমার শৈশব কৈশোরের অমূল্য সময়গুলো: নাদেরা সুলতানা নদী
জননী দাতব্য চিকিৎসালয়: অয়ন ইসলাম
বাবা, তুমি আমার জীবনের প্রথম পৃথিবী: নাজমীন মর্তুজা
বাবার দেওয়া উপহার: শৌভনিক দত্ত
আমার বাবার ভাষাবিলাস: মামুন আলা
আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়: শাহানাজ বিথী
বাবা দিবসে আমার আব্বা: কিছু স্মৃতি কথা: ডঃ মোঃ ইউনুস
বাবা দিবসে আব্বাকে মনে পড়ে: মাহবুব সিরাজ তুহিন
মাটি দেওয়া হয়নি যে কবরে: আজমুল হক পাপ্পু
বাবা, আমার প্রিয় বাবা!: আমজাদ হোসেন
আজকের প্রজন্ম একদিন জায়গা করে দেবে পরের প্রজন্মকে। আমরা যে মানুষগুলোকে কোনোদিন দেখব না, তাদের কাছেও হয়তো কোনো না কোনোভাবে পৌঁছে যাবে আজকের একটি শিক্ষা, একটি মূল্যবোধ, একটি ভালোবাসা। এভাবেই জীবন থেমে থাকে না। এক প্রজন্মের কিছুটা বয়ে যায় পরের প্রজন্মে, তারপর তারও পরের প্রজন্মে। তাই বাবা দিবস শুধু বাবাকে একটি উপহার দেওয়া কিংবা একটি দিনের শুভেচ্ছা জানানোর উপলক্ষ নয়। এটি হয়তো একটু থেমে ভাবার দিনও। আমরা কোথা থেকে এসেছি। আমাদের মধ্যে কারা বেঁচে আছেন। আর আমাদের কাছ থেকে কী বয়ে যাবে ভবিষ্যতের দিকে।
আমাদের কাছে বাবা শুধু একজন অভিভাবক নন। বাবা আমাদের পরিচয়, আমাদের শেকড়, আমাদের শক্তি। বাবার হাত ধরে আমরা জীবনের প্রথম পথ চলা শিখেছি। তাঁর ত্যাগের ওপর দাঁড়িয়ে আমাদের অনেক স্বপ্ন বাস্তব হয়েছে। আজ আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমাদের ভেতরে বাবার শিক্ষা, ভালোবাসা ও স্মৃতি চিরকাল বেঁচে থাকে। এই আবেগ ও বাস্তবতাকে সামনে রেখে আমাদের কথা অস্ট্রেলিয়া বাবা দিবসকে বিশেষ গুরুত্বের সঙ্গে উদযাপন করছে। বহুসাংস্কৃতিক কমিউনিটির জন্য এই দিনটি শুধু আনন্দ উদযাপনের নয়; এটি আমাদের সঙ্গে থাকা বাবাদের ভালোবাসার, দূরে থাকা বাবাদের স্মরণ করার এবং পৃথিবী থেকে বিদায় নেওয়া বাবাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার একটি দিন। এই বিশেষ দিনে পৃথিবীর সকল বাবার প্রতি রইল আমাদের আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা।