বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অ্যান্থনি আলবানিজ। এক আনুষ্ঠানিক বার্তায় তিনি বাঙালি সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি এবং অস্ট্রেলিয়ার বহুত্ববাদী সমাজে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন, শতাব্দীর পর শতাব্দী ধরে পহেলা বৈশাখের ঐতিহ্য বাঙালিদের একত্রিত করে আসছে এবং এটি আনন্দ, নবায়ন ও ঐক্যের এক অনন্য উৎসব হিসেবে প্রতিষ্ঠিত। তিনি বলেন, এ সময়টি পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো, উপহার বিনিময় এবং বিশেষ খাবার ভাগাভাগির মাধ্যমে আনন্দ উদযাপনের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
বার্তায় আরও বলা হয়, পহেলা বৈশাখ শুধুমাত্র উৎসব নয়—এটি আশা, আত্মচিন্তা ও নতুন সূচনার প্রতীক। অনেকেই এ সময়ে উপাসনালয়ে গিয়ে প্রার্থনা করেন এবং আগত বছরের জন্য আশীর্বাদ কামনা করেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এই বিশেষ দিনটি যেন সবার জন্য ঐক্য, সম্মিলিত আনন্দ এবং বাঙালি সংস্কৃতির সৌন্দর্য উপভোগের উপলক্ষ হয়ে ওঠে। তিনি উল্লেখ করেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অস্ট্রেলিয়ার বৈচিত্র্য, সামাজিক সংহতি এবং বহুসাংস্কৃতিক সাফল্যকে আরও সুদৃঢ় করে।
অস্ট্রেলিয়ায় বসবাসরত বাঙালি সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অ্যান্থনি আলবানিজ বলেন, তাদের কঠোর পরিশ্রম, স্বপ্ন এবং দেশের প্রতি ভালোবাসা অস্ট্রেলিয়ার উন্নয়নকে সমৃদ্ধ করেছে।
বার্তার শেষে তিনি সবার উদ্দেশে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন-
“শুভ নববর্ষ।”