বাংলাদেশি কমিউনিটি স্কুলে শ্রদ্ধা ও ভালোবাসায় বাবা দিবস উদযাপিত

আবেগ, উচ্ছ্বাস আর বিনোদনমূলক নানা আয়োজনের মধ্য দিয়ে অ্যাডিলেডের বাংলাদেশি কমিউনিটি স্কুলে উদযাপিত হলো বাবা দিবস। শিশুদের উপস্থাপনা, বাবার দৌড় প্রতিযোগিতা, স্মৃতিচারণ এবং কেক কাটার মধ্য দিয়ে দিনটি একটি আনন্দঘন উৎসবে রূপ নেয়।

দিনের শুরুতে বাবাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক বর্ণিল ৫০ মিটার স্প্রিন্ট। বয়সের বাধা ভুলে বাবারা এতে আনন্দের সঙ্গে অংশ নেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সব বাবার পাশাপাশি বিশেষভাবে পুরস্কৃত করা হয় শেষ তিনজনকে—জয়-পরাজয় পেছনে ফেলে অংশগ্রহণ ও আনন্দ ভাগাভাগিকেই মূল উদ্দেশ্য হিসেবে গুরুত্ব দেওয়া হয়।

স্কুলের শিক্ষার্থীরা নিজেদের হাতে বিশেষ ‘ফাদার্স ডে কার্ড’ তৈরি করে বাবাদের উপহার দেয়। কার্ডগুলোতে ফুটে ওঠে সন্তানদের ভালোবাসা ও কৃতজ্ঞতা। এ ছাড়া স্কুলের পক্ষ থেকেও উপস্থিত সকল বাবার হাতে সম্মাননা উপহার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা তাদের বাবাদের সঙ্গে নিয়ে কেক কাটে এবং পরে পরিবেশন করে মনোগ্রাহী নাচ।

অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের স্মৃতিচারণ পর্ব। বাবাদের ত্যাগ, শৈশবের স্মৃতিকথা এবং শাসন ও ভালোবাসার নানা গল্প উঠে আসে তাঁদের বক্তব্যে। স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।

দিনটির শেষভাগে সব অতিথি ও অভিভাবকদের জন্য ‘মম কিচেন’-এর সৌজন্যে নৈশভোজের আয়োজন করা হয়। বাংলাদেশি কমিউনিটি স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে উপস্থিত অভিভাবক, শিক্ষকমণ্ডলী ও স্বেচ্ছাসেবকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।