২৬ সেপ্টেম্বরের বিকেলে, শরতের হালকা হাওয়ায় ফুলারটন রোডের মোড়ে দাঁড়ালে যে কেউ মুহূর্তের জন্য ভুল করে ভাবতে পারেন, এটা কি সত্যি অ্যাডিলেড, নাকি ধানমন্ডির কোনো গলি? বাতাস ভারী হয়ে আসছে ভাজা পিঠার মিষ্টি সুবাসে, আর একটু দূরেই হয়তো কড়াইতে ধোঁয়া উঠছে খাঁটি সরষের তেলে ঝাল ঝাল ইলিশ আর ভুনা খাসির। ভাবুন তো, ভিনদেশি মাটির স্নিগ্ধ বাতাসে যখন কড়াইয়ে ফোটা সরিষার তেলের সাথে খাঁটি ইলিশ ভাজার সুবাস মিশে একাকার হয়ে যাবে, কিংবা ধোঁয়া ওঠা চিতই পিঠার সাথে মায়ের হাতের আদলে গড়া শুঁটকি ভর্তার ঝাল ছোঁয়া জিভে লাগবে তখন মন কি আর প্রবাসে আটকে থাকবে? পাটিসাপটার মিহি মিষ্টি স্বাদ কিংবা ধুনির মতো নরম দুধচিতই আমাদের চোখের কোণে এক ফোঁটা জল এনে দিতে বাধ্য। কাচ্চি কিংবা ঝাল ঝাল চটপটির প্লেটে চামচ ডোবালেই মনে হবে, আমরা যেন ঘরের ডাইনিং টেবিলে ফিরে গেছি, যেখানে চারপাশ জুড়ে শুধু আপনজনদের মুখ আর ভালোবাসার কোলাহল।
প্রবাস জীবন আসলে এক দীর্ঘশ্বাস আর ঘড়ির কাঁটার সাথে অবিরাম লড়াইয়ের নাম। এখানে সকালের কড়া রোদের চেয়েও বেশি কড়া হয়ে বাজে কাজের শিফটের অ্যালার্ম। কিন্তু শত ব্যস্ততার ভিড়েও রাতের আধারে মাথার চাদর মুড়ি দিয়ে যখন দেশের কথা মনে পড়ে, তখন এই বুকফাটা নস্টালজিয়া আর ঘুচে না। ঠিক এই না-বলা মনখারাপ আর না-মেটানো ক্ষিদের আসরকেই এক সুতোয় বাঁধতে আসছে আগামী ২৬ সেপ্টেম্বর, শনিবারের বিকেলটা। ‘বাংলাদেশ অস্ট্রেলিয়া সোসাইটি অব সাউথ অস্ট্রেলিয়া ইনক’ (BASSA)-এর হাত ধরে ফুলারটন পার্ক কমিউনিটি সেন্টারে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বসতে যাওয়া এই ‘বাংলাদেশী ফুড ফেস্টিভ্যাল’ কেবল কিছু পদের খাবার নয় এটি আমাদের শেকড়ের সাথে একান্তে একটু কথা বলার সুযোগ।
দক্ষিণ অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশীদের সবচেয়ে পুরোনো সংগঠন BASSA-র প্রতিনিধিরা জানান, ইভেন্টটি কেবল বাঙালিদের জন্যই নয়, অ্যাডিলেডের বহুসংস্কৃতির মানুষের কাছেও বাংলাদেশের বৈচিত্র্যময় রন্ধনশিল্প তুলে ধরার একটা বড় সুযোগ। পরিবার, বন্ধু কিংবা পাশের বাড়ির বিদেশি প্রতিবেশীকে সাথে নিয়ে চলে আসা যাবে অনায়াসেই। আসুন না, ২৬ সেপ্টেম্বরের বিকেলে এই যন্ত্রের মতো নিখুঁত জীবনটাকে একটু থমকে দিই। ঘড়ির কাঁটা ভুলে, কাজের হিসাব দূরে সরিয়ে সবাই মিলে একটুখানি বাংলাদেশ হয়ে উঠি। কারণ, এই প্রবাসে আমাদের নাড়ির টান তো ওই একটাই পাতে যেখানে মিশে আছে মাটির গন্ধ, শৈশবের দুপুর আর নিখাদ ভালোবাসা।
এক নজরে মেলার তথ্য:
• তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার
• সময়: বিকেল ৪:০০ টা – রাত ৯:০০ টা
• স্থান: Fullarton Park Community Centre (411 Fullarton Rd, Fullarton SA 5063)
• যোগাযোগ: আরশাদ ভূঁইয়া (0423 415 978), মোস্তফা কামাল স্বাধীন (0411 816 336)
সপ্তাহান্তের সেই চেনা ক্লান্তি একপাশে সরিয়ে রেখে, এক কাপ গরম চা আর দেশি স্বাদের ভাঁজে কিছুটা সময় ‘নিজেদের’ করে নেওয়ার নিমন্ত্রণ রইল সবাইকে। প্রবাসের যান্ত্রিক জীবন থেকে খানিকটা বিরতি নিয়ে দেশীয় স্বাদে মেতে ওঠার জন্য অ্যাডিলেডবাসী মুখিয়ে আছেন এই সন্ধ্যার অপেক্ষায়।
আয়োজকরা আশা করছেন, এটি কেবল একটি ফুড ফেস্টিভ্যাল বা খাওয়ার আয়োজনই হবে না, বরং এটি দক্ষিণ অস্ট্রেলিয়ায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি বড় সামাজিক মিলনমেলায় রূপ নেবে. সুদূর প্রবাসে নিজেদের মধ্যে মেলবন্ধন আরও সুদৃঢ় করতে এবং নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতির খাবার ও ঐতিহ্য পরিচয় করিয়ে দিতে এই উৎসব দারুণ ভূমিকা রাখবে। উৎসবটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে. প্রবাসের ব্যস্ততা ভুলে পরিবার-পরিজন নিয়ে দেশীয় স্বাদের খাবার উপভোগ করতে এবং একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করতে দক্ষিণ অস্ট্রেলিয়ার সকল বাংলাদেশিকে সপরিবারে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন BASSA.
ইভেন্ট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আয়োজক কমিটির আরশাদ ভূঁইয়া (০৪২৩ ৪১৫ ৯৭৮) অথবা মোস্তফা কামাল স্বাধীনের (০৪১১ ৮১৬ ৩৩৬) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।