অ্যাডিলেডে একটি এনডিআইএস (NDIS) সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের পরিচালককে প্রায় ৫০ লাখ অস্ট্রেলিয়ান ডলারের প্রতারণার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (AFP)। ৩৮ বছর বয়সী ওই ব্যক্তিকে অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার প্রস্তুতিকালে অ্যাডিলেড বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের অভিযোগ, তিনি ন্যাশনাল ডিজঅ্যাবিলিটি ইনস্যুরেন্স এজেন্সি (NDIA)-এর এক কর্মীর কাছ থেকে এনডিআইএস অংশগ্রহণকারীদের সুরক্ষিত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেন। পরে সেই তথ্য ব্যবহার করে হাজার হাজার এনডিআইএস দাবি (claim) দাখিল করা হয়, যার মোট মূল্য প্রায় ৫০ লাখ ডলার।
ওই ব্যক্তির বিরুদ্ধে অপরাধলব্ধ অর্থের সঙ্গে লেনদেন এবং সুরক্ষিত এনডিআইএস অংশগ্রহণকারীদের তথ্য সংগ্রহের জন্য প্ররোচিত করার অভিযোগ আনা হয়েছে।
এই ঘটনায় তদন্ত শুরু হয়েছিল চলতি বছরের মার্চে। এনডিআইএস কর্তৃপক্ষ অংশগ্রহণকারীদের তথ্যভান্ডারে অননুমোদিত প্রবেশ শনাক্ত করার পর তদন্ত শুরু করে। গ্রেপ্তার হওয়া ৩৮ বছর বয়সী ব্যক্তি এই তদন্তে অভিযুক্ত হওয়া দ্বিতীয় ব্যক্তি।
এর আগে জুন মাসে ৪৮ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি তখন এনডিআইএসের নিয়ন্ত্রক সংস্থা NDIA-এর কর্মী ছিলেন। পুলিশের অভিযোগ, ওই নারী ৪০ জনের বেশি এনডিআইএস অংশগ্রহণকারীর তথ্য অননুমোদিতভাবে ব্যবহার করে তা অভিযুক্ত ব্যক্তির পরিচালিত এনডিআইএস ব্যবসায়িক প্রতিষ্ঠানে সরবরাহ করেন। এর বিনিময়ে তিনি আর্থিক সুবিধা পেয়েছেন বলে অভিযোগ রয়েছে।
তদন্তকারীদের দাবি, ওই নারী এই কথিত প্রতারণা থেকে ৫৩ হাজার অস্ট্রেলিয়ান ডলারের বেশি অর্থ পেয়েছেন।
জুন মাসে পুলিশ মসন লেকস (Mawson Lakes) ও ব্লেকভিউ (Blakeview) এলাকায় কয়েকটি বাসাবাড়ি এবং প্রস্পেক্ট (Prospect) এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালায়। এ সময় তদন্তকারীরা বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেন।
AFP-এর ডিটেকটিভ অ্যাক্টিং ইন্সপেক্টর অ্যারন মিলস বলেন, সরকারি অর্থের অপব্যবহার করে যারা ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা অব্যাহত রাখবে।
পুলিশের অভিযোগগুলো এখন আদালতে প্রমাণিত হয়নি। অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা আইনত নির্দোষ বলে বিবেচিত হবেন।
Source: news24