অ্যাডিলেডে পুলিশ কর্মকর্তার ঘাড়ে ছুরিকাঘাত, অভিযুক্ত হামলাকারীর পায়ে গুলি

আজ সকালে অ্যাডিলেডে ছুরিকাঘাতে দক্ষিণ অস্ট্রেলিয়া (SA) পুলিশের এক নারী কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন এবং তাঁর ওপর হামলাকারী সন্দেহে এক ব্যক্তিকে পুলিশ গুলি করেছে পুলিশ জানায়, ঘাড়ে ছুরিকাঘাতের শিকার হওয়ার পর ওই নারী কর্মকর্তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পায়ে গুলিবিদ্ধ হওয়ার পর অভিযুক্ত সন্দেহভাজন ব্যক্তিকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার আঘাত জীবনঘাতী নয় বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, সকাল ১১টার দিকে ইলিজাবেথ ইস্টের ‘মেইন নর্থ রোড’-এ এক ব্যক্তি ছুরি নিয়ে দৌড়াদৌড়ি করছে—এমন খবরের ভিত্তিতে তারা ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনার বিষয়ে কোনো প্রত্যক্ষদর্শী থাকলে তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পুলিশ।

ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার ডেভিড ও’ডনোভান জানিয়েছেন, জনসাধারণের জন্য আর কোনো ঝুঁকি বা আশঙ্কা নেই। তিনি জানান, সাউথ অস্ট্রেলিয়া পুলিশ আহত কর্মকর্তার পাশে রয়েছে এবং একই সাথে তিনি প্রথম সাড়াদানকারী (ফার্স্ট রেসপন্ডার) পুলিশ সদস্যদের তাৎক্ষণিক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, “আমরা তাঁর সহকর্মী এবং অবশ্যই তাঁর পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করছি।” “আজ সকালে পুলিশের তৎপরতা ছিল অত্যন্ত দ্রুত এবং তাঁরা স্পষ্টতই একটি দ্রুত পরিবর্তনশীল ও অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলা করেছেন।” “অস্ত্রধারী এক ব্যক্তির তাৎক্ষণিক হুমকি থেকে রক্ষা পেতেই আজ পুলিশ সদস্যরা এই ব্যবস্থা গ্রহণ করেছেন।”

জরুরি সেবা সংস্থাগুলো মেইন নর্থ রোডের একটি অংশ ঘিরে রেখেছে এবং মিডওয়ে রোড থেকে দক্ষিণমুখী যান চলাচল বন্ধ রাখা হয়েছে।ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থাগুলোর ব্যাপক উপস্থিতি রয়েছে এবং অন্তত ১২টি পুলিশের গাড়ি পার্ক করা আছে।

রাস্তার মাঝখান থেকে শুরু করে প্লেফোর্ড সিটি টেনিস সেন্টারের পাশের একটি প্রাকৃতিক সংরক্ষিত এলাকা (নেচার রিজার্ভ) পর্যন্ত কয়েকশ মিটার টেপ দিয়ে ঘিরে রেখেছে পুলিশ।

একটি ফেসবুক পোস্টে সাউথ অস্ট্রেলিয়া পুলিশ জানিয়েছে, তারা ফেয়ারফিল্ড রোডের সংযোগস্থলের কাছে ঘটে যাওয়া একটি ঘটনার প্রতিক্রিয়া হিসেবে কাজ করছে।

পোস্টে বলা হয়, “মেইন নর্থ রোডে দক্ষিণমুখী যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং এগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। মোড়গুলোতে জনসাধারণকে পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে।”

ফায়ার সার্ভিস কর্মীরা পুলিশকে সহায়তা করছেন এবং মেট্রোপলিটন ফায়ার সার্ভিসের একটি ইন্সিডেন্স কমান্ড যান ও ট্রাক ঘটনাস্থলে পৌঁছেছে।

Source: ABCNEWS