অস্ট্রেলিয়াজুড়ে কার্যকর নতুন সড়ক আইন

নতুন অর্থবছরের শুরুতেই অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য ও অঞ্চলে কার্যকর হয়েছে সড়ক নিরাপত্তা–সংক্রান্ত একাধিক নতুন আইন ও বিধিনিষেধ। ১ জুলাই থেকে চালু হওয়া এসব পরিবর্তনের মধ্যে রয়েছে মোটরসাইকেল চালকদের জন্য নতুন নিরাপত্তা সরঞ্জাম বাধ্যতামূলক করা, ই–বাইক ও ই–স্কুটার ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ, ট্রাফিক জরিমানা বৃদ্ধি এবং কিছু রাজ্যে চালকদের জন্য নতুন সুবিধা।
অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যের সড়ক আইন আলাদা হওয়ায় পরিবর্তনগুলোও একেক রাজ্যে একেক রকম। তবে সামগ্রিকভাবে লক্ষ্য একটাই—সড়ক দুর্ঘটনা কমানো, নতুন চালকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বেপরোয়া চালনা নিরুৎসাহিত করা।

এক নজরে
যেসব পরিবর্তন ১ জুলাই থেকে কার্যকর হয়েছে
• নিউ সাউথ ওয়েলসে মোটরসাইকেল চালকদের জন্য সুরক্ষা গ্লাভস বাধ্যতামূলক।
• লার্নার মোটরসাইকেল চালকদের হাই–ভিজিবিলিটি জ্যাকেট বা ভেস্ট পরতে হবে।
• কুইন্সল্যান্ডে অবৈধ ই–বাইক ও ই–স্কুটার জব্দ এবং প্রয়োজনে ধ্বংস করার ক্ষমতা পেয়েছে পুলিশ।
• ই–স্কুটার চালকদের জন্য ব্রেথ টেস্ট চালু হয়েছে।
• সাউথ অস্ট্রেলিয়ায় গতিসীমা লঙ্ঘন ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জরিমানা বেড়েছে।
• ভিক্টোরিয়ায় সময়মতো জরিমানা পরিশোধ না করলে বাড়তি অর্থ গুনতে হবে।
• ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় নতুন চালকদের জন্য আরও কঠোর লাইসেন্সিং নীতিমালা প্রস্তাব করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলস: মোটরসাইকেল চালকদের নিরাপত্তায় নতুন অধ্যায়
নিউ সাউথ ওয়েলসে ১ জুলাই থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে মোটরসাইকেল চালকদের জন্য। এখন থেকে লার্নার, পি–১ এবং পি–২ মোটরসাইকেল লাইসেন্সধারীদের অনুমোদিত সুরক্ষা গ্লাভস পরা বাধ্যতামূলক। পাশাপাশি লার্নার চালকদের জন্য অনুমোদিত হাই–ভিজিবিলিটি ভেস্ট বা জ্যাকেট পরাও বাধ্যতামূলক করা হয়েছে। পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতি বছর প্রায় ২৭ হাজার নতুন মোটরসাইকেল লার্নার লাইসেন্স দেওয়া হয়। এর মধ্যে প্রায় ৪০ শতাংশই ২৫ বছরের কম বয়সীদের।
কর্তৃপক্ষের মতে—
• দুর্ঘটনায় সবচেয়ে বেশি আঘাত লাগে হাত ও কবজিতে।
• উন্নতমানের গ্লাভস এসব আঘাতের ঝুঁকি প্রায় অর্ধেকে নামিয়ে আনতে পারে।
• উজ্জ্বল রঙের পোশাক চালকদের অন্য যানবাহনের কাছে সহজে দৃশ্যমান করে, ফলে সংঘর্ষের ঝুঁকি কমে।
সরকার জানিয়েছে, এটি মোটরসাইকেল গ্র্যাজুয়েটেড লাইসেন্সিং স্কিম সংস্কারের প্রথম ধাপ। ভবিষ্যতে প্রশিক্ষণ ও নিরাপত্তা সরঞ্জাম নিয়ে আরও পরিবর্তন আনা হবে।

চালকদের জন্য সুখবরও রয়েছে, নিয়ম কঠোর হওয়ার পাশাপাশি কিছু আর্থিক সুবিধাও ঘোষণা করেছে এনএসডব্লিউ সরকার।
• ৬ জুলাই থেকে সাপ্তাহিক টোল ব্যয়ের সর্বোচ্চ সীমা ৬০ ডলার থেকে কমিয়ে ৫০ ডলার করা হবে।
• সেপ্টেম্বর ২০২৬ থেকে আগস্ট ২০২৭ পর্যন্ত গাড়ির রেজিস্ট্রেশন নবায়নে ১০০ ডলার ছাড় দেওয়া হবে।
• মোটরসাইকেল মালিকরা পাবেন ৮০ ডলার ছাড়।
• এই ছাড় পেতে আলাদা আবেদন করতে হবে না; নবায়ন নোটিশেই স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হবে।

কুইন্সল্যান্ড: ই–বাইক ও ই–স্কুটারের ওপর সবচেয়ে বড় কড়াকড়ি
সাম্প্রতিক সময়ে ই–বাইক ও ই–স্কুটার দুর্ঘটনা এবং অবৈধভাবে পরিবর্তিত উচ্চগতির যানবাহনের সংখ্যা বাড়ায় কুইন্সল্যান্ড সরকার কঠোর অবস্থান নিয়েছে।
নতুন আইনে পুলিশ এখন—
• অবৈধ ই–বাইক ও ই–স্কুটার জব্দ করতে পারবে।
• প্রয়োজনে সেগুলো ধ্বংসও করতে পারবে।
• চালকদের র্যান্ডম ব্রেথ টেস্ট করতে পারবে।

গতি নিয়ন্ত্রণ
নতুন নিয়ম অনুযায়ী—
• সর্বোচ্চ রাস্তার গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার।
• ফুটপাথে সর্বোচ্চ গতি ঘণ্টায় ১২ কিলোমিটার।
• ই–স্কুটার, ই–স্কেটবোর্ড ও ই–ইউনিসাইকেল কেবল ৬০ কিলোমিটার বা তার কম গতিসীমার সড়কে চলতে পারবে।

জরিমানাও বেড়েছে
নিম্নলিখিত অপরাধের জন্য আগের তুলনায় বেশি জরিমানা হবে—
• হেলমেট না পরা
• অতিরিক্ত গতিতে চালানো
• অসাবধানী চালনা
• অতিরিক্ত যাত্রী বহন
• নিষিদ্ধ সড়কে চলাচল

আগস্টে আসছে আরও পরিবর্তন
৩১ আগস্ট থেকে—
• ই–বাইক চালানোর ন্যূনতম বয়স হবে ১৬ বছর।
• বৈধ ড্রাইভিং লাইসেন্স অথবা লার্নার পারমিট থাকতে হবে।
• নিয়ম ভঙ্গকারী অপ্রাপ্তবয়স্কদের অভিভাবকদেরও জরিমানা করা হবে।
তবে চিকিৎসাজনিত প্রয়োজন, প্রতিবন্ধী ব্যক্তি এবং কিছু বিশেষ পরিস্থিতিতে সীমিত ছাড় থাকবে।

ভিক্টোরিয়া: সময়মতো জরিমানা না দিলে বাড়বে খরচ
ভিক্টোরিয়া সরকার ট্রাফিক জরিমানা আদায় ব্যবস্থা আরও কঠোর করেছে। ১ জুলাই থেকে নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে অতিরিক্ত প্রশাসনিক ফি যোগ হবে। সরকারের ভাষ্য, এর মাধ্যমে সময়মতো জরিমানা পরিশোধে মানুষকে উৎসাহিত করা হবে এবং দীর্ঘদিন ধরে বকেয়া জরিমানার সংখ্যা কমবে।

সাউথ অস্ট্রেলিয়া: নতুন স্পিডিং জরিমানা

প্রায় সব ধরনের ট্রাফিক জরিমানাই বেড়েছে ভোক্তা মূল্যসূচকের (CPI) সঙ্গে সমন্বয় করে ১ জুলাই থেকে সাউথ অস্ট্রেলিয়ায় ট্রাফিক জরিমানা বৃদ্ধি করা হয়েছে।
গতিসীমা অতিক্রম নতুন জরিমানা
১০ কিমি/ঘণ্টার কম $215
১০–২০ কিমি/ঘণ্টা $484
২০–৩০ কিমি/ঘণ্টা $998
৩০–৪৫ কিমি/ঘণ্টা $1,793
৪৫ কিমি/ঘণ্টার বেশি $2,018
এ ছাড়া রক্তে অ্যালকোহলের মাত্রা ০.০৮-এর নিচে হলেও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জরিমানা বেড়ে হয়েছে ৯০৪ ডলার।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
নতুন চালকদের জন্য আরও কঠোর নিয়মের পরিকল্পনা যদিও এখনো কার্যকর হয়নি, তবে রাজ্য সরকার নতুন লাইসেন্সিং ব্যবস্থার প্রস্তাব বিবেচনা করছে। প্রস্তাব অনুযায়ী—
• লার্নার লাইসেন্সের ন্যূনতম সময় ৬ মাস থেকে ১২ মাস।
• সুপারভাইজড ড্রাইভিং ৫০ ঘণ্টা থেকে ৮০ ঘণ্টা।
• রাতের ড্রাইভিং ৫ ঘণ্টা থেকে ১০ ঘণ্টা।
• প্রভিশনাল লাইসেন্সের মেয়াদ ২ বছর থেকে ৩ বছর।
সরকার বলছে, তরুণ চালকদের দুর্ঘটনা কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ।

ACT ও তাসমানিয়া
এই দুই অঞ্চলে নতুন কোনো বড় সড়ক আইন কার্যকর হয়নি। তবে বার্ষিক মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন ট্রাফিক জরিমানার পরিমাণ কিছুটা বেড়েছে।

যা জানা জরুরি
অস্ট্রেলিয়ার সড়ক আইন রাজ্যভেদে ভিন্ন। তাই এক রাজ্যের লাইসেন্সধারী অন্য রাজ্যে গাড়ি চালানোর সময় স্থানীয় আইন সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন। বিশেষ করে মোটরসাইকেল চালক, নতুন লাইসেন্সধারী এবং ই–বাইক বা ই–স্কুটার ব্যবহারকারীদের জন্য ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন বিধিগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ম না মানলে শুধু আর্থিক জরিমানাই নয়, অনেক ক্ষেত্রে লাইসেন্সে ডিমেরিট পয়েন্ট যোগ হওয়া, যানবাহন জব্দ হওয়া বা অন্যান্য আইনি ব্যবস্থার মুখোমুখিও হতে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *