প্রবাসে শেকড়ের সন্ধানে: অ্যাডিলেডের উডভিল টাউন হলে বসছে বাঙালির মিলনমেলা

ভিনদেশি বাতাসের মাঝেও নিজের মাটির ঘ্রাণ খুঁজে পাওয়ার আকুলতা চিরন্তন। হাজার মাইল দূরে সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে সেই শেকড়ের টানেই আবার একত্রিত হতে যাচ্ছে প্রবাসী বাঙালিরা। আগামী ৪ জুলাই ২০২৬, শনিবার উডভিল টাউন হলে (৭৪ উডভিল রোড, উডভিল) দক্ষিণ অস্ট্রেলিয়ার বাঙালি কমিউনিটির অভিভাবক সংগঠন ‘সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন’ (SABCA) আয়োজন করতে যাচ্ছে এক বর্ণিল ‘ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ উদযাপন’ উৎসব।

অ্যাডিলেডে বাঙালির সাংস্কৃতিক জীবন আজ অনেক বেশি প্রাণবন্ত। প্রবাসের ব্যস্ততা আর আধুনিক জীবনের গতির মাঝেও SABCA-এর মতো সংগঠনগুলো বাঙালির শিল্প, সাহিত্য, এবং ঐতিহ্যকে বিদেশের মাটিতে বাঁচিয়ে রাখতে নিরলস কাজ করে যাচ্ছে। এই ধরনের উৎসব কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার এবং নতুন প্রজন্মের কাছে আমাদের শেকড়কে তুলে ধরার এক চমৎকার মাধ্যম। উৎসবের বিস্তারিত আরও জানতে ও আয়োজকদের সম্পর্কে জানতে https://facebook.com/events/s/sabca-eid-festival-and-bengali/4143144535935783/

বিকেল ৫:৩০ মিনিট থেকে রাত ৯:৩০ মিনিট পর্যন্ত চলা এই আয়োজনে থাকছে একগুচ্ছ আকর্ষণ। অনুষ্ঠানের মঞ্চ মাতাতে থাকছেন আমাদের গানের দল, অ্যাডিলেডের জনপ্রিয় ব্যান্ড ‘তাল অস্ট্রেলিয়া’ (TaaL Australia) এবং ‘প্রবাসী ব্যান্ড’ (Probashi Band)। পাশাপাশি SABCA এবং ‘বাংলাদেশি কমিউনিটি স্কুল’-এর শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা আমাদের সমৃদ্ধ ঐতিহ্যের কথা মনে করিয়ে দেবে।

উৎসব মানেই খাওয়া-দাওয়া আর আড্ডা। প্রবাসী বাঙালির রসনা তৃপ্ত করতে আয়োজকরা রেখেছেন দেশি খাবারের পসরা। তালিকায় থাকছে: ঐতিহ্যবাহী স্পেশাল মোরগ পোলাও, তেহারী, জনপ্রিয় স্ট্রিট ফুড—ফুচকা, চটপটি ও ঝালমুড়ি, শীতের আমেজ নিয়ে থাকবে নানা রকমের পিঠা। সাথে থাকছে ক্লান্তি দূর করা ধোঁয়া ওঠা দেশি চা এবং ঘরে তৈরি আচার।

এই মিলনমেলার আনন্দকে চিরস্থায়ী করতে ‘EduAid Immigration’ আয়োজন করেছে একটি বিশেষ ফটো প্রতিযোগিতা। অনুষ্ঠানে তোলা আপনার সেরা ছবিটি পাঠিয়ে দিতে পারেন amaderkotha.au@gmail.com এই ঠিকানায়। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে দারুণ সব পুরস্কার।

এই বিশাল কর্মযজ্ঞকে সফল করতে মূল সহযোগী হিসেবে পাশে আছে গভর্নমেন্ট অফ সাউথ অস্ট্রেলিয়া (ডিপার্টমেন্ট অফ প্রিমিয়ার অ্যান্ড ক্যাবিনেট)। এছাড়া স্পনসর হিসেবে আছে সিটি অফ চার্লস স্টার্ট, ডিসটিনক্টিভ হোমস, এমএস ক্লিন, ক্যারিয়ার পার্টনার অস্ট্রেলিয়া, ড্রাইভওয়াইজ এসএ, সানবিম ইন্টারন্যাশনাল কলেজ এবং মিডিয়া পার্টনার হিসেবে বরাবরের মতোই থাকছে ‘আমাদের কথা অষ্ট্রেলিয়া’।

সবাইকে আমন্ত্রিত এই উৎসব সম্পূর্ণ ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত। পরিবার ও প্রিয়জনদের নিয়ে এই আনন্দঘন বিকেলে শামিল হোন, কারণ প্রবাসের ব্যস্ত জীবনে একে অপরের সান্নিধ্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।