অ্যাডিলেডবাসীদের সতর্কবার্তা: শীতের শুরুতেই ঝড়ো আবহাওয়ার আশঙ্কা

অ্যাডিলেডের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে যে, শীতকাল জোরালোভাবেই শুরু হতে যাচ্ছে। একটি শক্তিশালী নিম্নচাপ (Low Pressure System) বৃষ্টি, দমকা হাওয়া, বজ্রঝড় এবং স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারের সমন্বয়ে প্রতিকূল আবহাওয়া সৃষ্টি করতে পারে। আবহাওয়াবিদরা বাসিন্দাদের “ঘরবাড়ি ও সম্পত্তি সুরক্ষিত রাখতে আগাম প্রস্তুতি নেওয়ার” আহ্বান জানিয়েছেন। শীতের প্রথম দিন থেকেই দক্ষিণ উপকূলীয় এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে।
সোমবার থেকে বাতাসের গতি ক্ষতিকর পর্যায়ে পৌঁছাতে পারে এবং কিছু এলাকায় তা ধ্বংসাত্মক মাত্রাও ধারণ করতে পারে। তাই সপ্তাহান্তে বাড়ির আঙিনা পরিষ্কার করা, ঢিলেঢালা জিনিসপত্র গুছিয়ে রাখা এবং ট্রাম্পোলিনসহ অন্যান্য বড় বস্তু শক্তভাবে বেঁধে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। উপকূলের কাছাকাছি থাকা ব্যবসা প্রতিষ্ঠান ও অনুষ্ঠান আয়োজকদেরও অস্বাভাবিক উচ্চ জোয়ারের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।
গত বছরের মে ও জুন মাসে দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলীয় এলাকায় যে উচ্চ জোয়ারের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, এবারও একই ধরনের পরিস্থিতিতে বালুর বস্তা (Sandbags) ব্যবহার করার প্রয়োজন হতে পারে।
পশ্চিম উপকূলে সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত এবং মধ্য ও পূর্ব উপকূলে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত উচ্চ জোয়ারের ঝুঁকি সবচেয়ে বেশি থাকবে।
ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
অ্যাডিলেড ও দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সোমবার মাউন্ট লফটি রেঞ্জেস, ক্যাঙ্গারু আইল্যান্ড এবং সাউথ ইস্ট অঞ্চলে দৈনিক বৃষ্টিপাত ৩০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। কিছু স্থানে ৩০ থেকে ৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিও হতে পারে।
মঙ্গলবার আরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
যদিও এ বছর এসব অঞ্চলে এর আগেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, তবে এবারের আবহাওয়া ব্যবস্থা দীর্ঘস্থায়ী হওয়ায় প্রভাব বেশি হতে পারে।

অ্যাডিলেডে সম্ভাব্য বৃষ্টিপাত: সোমবার: সর্বোচ্চ ১৫ মিমি, মঙ্গলবার: সর্বোচ্চ ২৫ মিমি, বুধবার: সর্বোচ্চ ৬ মিমি, বৃহস্পতিবার: সর্বোচ্চ ৭ মিমি,

অন্যান্য এলাকার সম্ভাব্য বৃষ্টিপাত: Mount Gambier, Victor Harbor এবং Kingscote এলাকায়: সোমবার: সর্বোচ্চ ২৫ মিমি, মঙ্গলবার: সর্বোচ্চ ২০ মিমি এরপরও বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

বজ্রঝড়ের আশঙ্কা: সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বজ্রঝড় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রঝড়ের অবস্থানের ওপর নির্ভর করে কিছু এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে।
কর্তৃপক্ষের পরামর্শ, যারা ইতোমধ্যে এ বছর একবার ছাদের নর্দমা (গাটার) পরিষ্কার করেছেন, তাদেরও আবার গাটার পরিষ্কার করে নেওয়া উচিত, যাতে ভারী বৃষ্টির সময় পানি দ্রুত নিষ্কাশন হতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞরা উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের পরিস্থিতির ওপর নজর রাখতে এবং জরুরি সতর্কবার্তা অনুসরণ করতে অনুরোধ করেছেন।