দক্ষিণ অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব সাউথ অস্ট্রেলিয়া (BAMSSA)–এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জুলাই অ্যাডিলেডে অনুষ্ঠিত সভায় গত এক বছরের সাংগঠনিক কার্যক্রম, আর্থিক ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। একই সঙ্গে ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. ইমতিয়াজ বি. চৌধুরী। সহসভাপতি ডা. রাজবীন শওকত, সাধারণ সম্পাদক ডা. রুবাইয়াত রিমি, সহকারী সাধারণ সম্পাদক ডা. জুথি হোসেন এবং কোষাধ্যক্ষ ডা. ফারহানা লিফা। এ ছাড়া শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে ডা. মোহাম্মদ আহমেদুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক ডা. ফাতিমা মুসরাত এবং যোগাযোগ ও কমিউনিটি বিষয়ক সম্পাদক হিসেবে ডা. সামারা তিন্নি নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ডা. মো. ওয়াজিদ, ডা. বাহিজা খানম এবং ডা. ফাতিমা আশরাফি।
বার্ষিক সাধারণ সভায় বিদায়ী নির্বাহী কমিটির সদস্যদের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে তাঁদের নিষ্ঠা, পরিশ্রম ও নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা বলেন, বিদায়ী কমিটির প্রচেষ্টায় BAMSSA দক্ষিণ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি চিকিৎসকদের একটি সক্রিয়, ঐক্যবদ্ধ ও সহযোগিতামূলক পেশাজীবী সংগঠন হিসেবে আরও শক্ত ভিত্তি তৈরি করেছে।
সভায় উপস্থিত সদস্যরা আশা করেন, আগামী এক বছরে চিকিৎসকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ, সামাজিক ও মানবিক কার্যক্রম এবং বাংলাদেশি কমিউনিটির স্বাস্থ্যসেবামূলক উদ্যোগে সংগঠনটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, সদস্যদের অব্যাহত সহযোগিতা ও অংশগ্রহণই BAMSSA-এর অগ্রযাত্রার প্রধান শক্তি। আগামী দিনে শিক্ষা, পেশাগত সহযোগিতা, সমাজসেবা এবং দক্ষিণ অস্ট্রেলিয়ার বাংলাদেশি চিকিৎসকদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করতে নতুন কমিটি কাজ করবে।