আফ্রিকার রঙিন দুয়ার: মরক্কোর দিনগুলি—পর্ব ৯

সন্ধ্যা ঘনিয়ে আসছে। পশ্চিম আকাশে অস্তগামী সূর্যের শেষ আভাটুকু তখনো মিলিয়ে যায়নি। রু জেদ্দাহর অভিজাত ক্যাফেগুলো পেছনে ফেলে আবার হাঁটা ধরলাম পুরোনো মদিনার দিকে। ব্যস্ত রাজপথ পেরিয়ে মদিনার দিকে এগোতেই চারপাশের দৃশ্যপট দ্রুত বদলে গেল।

সরু রাস্তার দুই পাশে সারি সারি দোকান। মানুষের অবিরাম চলাচল, ক্রেতা- বিক্রেতার হাঁকডাক। কেনাকাটার ধুম। আমাদের দেশে ঈদের আগে নিউমার্কেট কিংবা গাউছিয়া মার্কেটে যেমন হয়। এখানেও তেমনই ভিড়। শুধু মুখগুলো ভিন্ন, আলাদা ভাষা। শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে এই ব্যস্ততা। এমনই উৎসবের আমেজ।

হাজার রঙের মেলবন্ধনই যেন মরক্কো! যেদিকে তাকাই রঙের মহোৎসব। লাল, নীল, সবুজ, হলুদ, কমলা, বেগুনি। রঙের কী বাহার! এখানকার মানুষের রঙিন জিনিসের প্রতি আশ্চর্য এক আকর্ষণ। সাদামাটা কিছুই তাঁদের মন ভরায় না! বাহারি পোশাক, তৈজসপত্র, মৃৎশিল্প, ঘর সাজানোর সামগ্রী। সবখানেই জটিল কারুকাজ। সূক্ষ্ম নকশা, বিচিত্র রঙের সমাহার।

দোকানে দোকানে ঝুলানো মরক্কোর ঐতিহ্যবাহী পোশাক ‘জেল্লাবা’। নারী-পুরুষ সবার প্রিয়। নানা রঙের। ঢিলেঢালা, পা পর্যন্ত লম্বা, ফুলহাতা। চমৎকার সুতোর কারুকাজ। মাথা ঢাকার সূচালো হুড।

কোথাও চামড়ার তৈরি ব্যাগ, জুতা, টুপি, নানা ধরনের সামগ্রী। পিতল, তামা, রুপালি ধাতু, কাঠের তৈরি নকশাদার তৈজসপত্র। থরে থরে সাজানো তাজিনসহ শতরকমের ঐতিহ্যবাহী মৃৎপাত্র। রঙিন সিরামিকের বাটি, প্লেট, টাইলস। কোনো দোকানের ছাদ থেকে ঝুলছে কারুকাজ করা সুদৃশ্য বাতি।

মসলার দোকানগুলো একেকটি রঙিন শিল্পকর্ম। নকশা করা গোলাকার বস্তার ওপর টকটকে লাল, হলুদ, বাদামি, রঙের গুঁড়ো মসলা। নিখুঁত শঙ্কু আকৃতিতে সাজানো। যেন ছোট ছোট মিনার। কত নাম না জানা মসলা! বাতাসে ভেসে আসছে ঝাঁজালো সুবাস।

রুটির দোকানে তাজা গরম রুটির অপূর্ব ঘ্রাণ! পাশেই মাছ ভাজা, কাবাব, মিষ্টান্ন, ফলের রসের দোকান। মরক্কোর মানুষ টাটকা কমলা, ডালিমের রস খুব পছন্দ করে।

বাদামের দোকানে কাঠবাদাম, আখরোট, পেস্তা, কাজু, পেকান, হেজেল নাটসহ কত রকমের বাদাম!

খেজুরের দোকানগুলোর সামনে দাঁড়িয়ে মনে হলো, পৃথিবীতে এত রকমের খেজুরও আছে! কাঁচা, পাকা, ছোট, বড়, সোনালি, বাদামি, কুচকুচে কালো।

ঘণ্টাখানেক ধরে ঘুরে বেড়ালাম মদিনার অলিগলিতে। কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। কেনাকাটার তাড়া নেই। যে দোকান ভালো লাগছে, তার সামনে দাঁড়াচ্ছি।

মদিনা কেবল কেনাবেচার জায়গা নয়। এক চলমান প্রদর্শনী। চোখ, নাক সমস্ত ইন্দ্রিয়ই ব্যস্ত হয়ে পড়েছিল মরক্কোর এই বিচিত্র বাজারে। এখানকার মানুষের হাসি, অঙ্গভঙ্গি আর দরদামের ভঙ্গির সঙ্গে মিল খুঁজে পাচ্ছিলাম হাজার মাইল দূরের আমার চেনা ঢাকা শহরের মানুষের।

চোখে পড়ল এক বিচিত্র পোশাকের মানুষ। মরক্কোর পুরোনো কোনো লোককাহিনির চরিত্র যেন জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে। মাথায় বিশাল গোলাকার টুপি। লাল, হলুদ, সবুজ, নীল রঙের ঘন সুতোর ঝালরের ফাঁকে ফাঁকে ঝুলছে ছোট ছোট চকচকে সোনালি চাকতি। গায়ে টকটকে লাল ঢিলেঢালা পোশাক। কোমরে মোটা বেল্ট। বুকের ওপরও আড়াআড়ি চামড়ার বেল্ট। তাতে শিকল দিয়ে ঝুলছে নানা আকারের ঝকঝকে পিতলের পেয়ালা। কোমরে ঝুলছে পুরোনো চামড়ার তৈরি বড় পানির থলি। এক হাতে পিতলের পানপাত্র, অন্য হাতে লম্বা ধাতব নল। মুখে প্রশস্ত হাসি।

এদেরকে বলা হয় ‘গেরাব’। কয়েক শতাব্দী ধরে পথচারীদের পানি পান করানোই তাঁদের জীবিকা। একসময় শহরের অলিগলিতে ঘুরে বেড়াত অসংখ্য গেরাব। এখন বোতলজাত পানির যুগে তাদের প্রয়োজন প্রায় ফুরিয়ে গেছে।

কয়েকজন তার কাছ থেকে পানি পান করে কয়েকটি খুচরো পয়সা দিলো। ক্রেতাদের সঙ্গে একটু-আধটু খোশগল্প করাও যেন গেরাবদের পেশার এক অংশ। আধুনিক মানুষের চোখে তাদের পোশাক, তাদের পেশা হয়তো অদ্ভুত মনে হয়, কিন্তু বদলে যাওয়া পৃথিবীতে এরা এখনো শত শত বছরের ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে। এরাই মরক্কোর ঐতিহ্যের জীবন্ত প্রতীক।

একটি ইলেকট্রনিকসের দোকান দেখে মনে পড়ল রেডিওর কথা। পৃথিবীর যেখানেই যাই, সুযোগ পেলেই একটি কিনি। আমার সংগ্রহে তিরিশটির বেশি রেডিও আছে। জিজ্ঞেস করতেই দোকানদার বের করে দিলো টুকটুকে লাল একটি রেডিও। এফএম, এএম, শর্টওয়েভ, ইউএসবি, এসডি কার্ড – কতরকম ফিচার! এই ছোট্ট যন্ত্রটিতে আজকাল কত কী যে যুক্ত হয়েছে! আমার সংগ্রহের একটিতে তো টর্চলাইটও আছে। এত সুবিধা থাকার পরও বহু মানুষের কাছে রেডিও কত অচেনা।

রেডিও দেখলেই আমি কেমন নস্টালজিক হয়ে উঠি। আমাদের ছোট্ট একটা এক ব্যান্ডের রেডিও ছিল। অতি সাধারণ। আব্বা ছিলেন খবরের অনুরাগী। আমাদের ছোটবেলায় ঘুম ভাঙত সকাল ছটার বিবিসি বাংলার সংবাদ শুনে। তারপর বাংলাদেশ বেতারের সাতটার সংবাদ। এরপর ভারত থেকে প্রচারিত আকাশবাণীর খবর। আব্বা রাতে বিবিসির শেষ খবরটি শুনে ঘুমাতে যেতেন। অনেকসময় বহু কসরত করে স্টেশন ধরতে হতো তাঁকে। কখনো কখনো অ্যান্টেনার সাথে বিদ্যুতের তার বেঁধে টিনের চালের সাথে সংযোগ করে দিতেন যাতে ভালো শুনতে পারেন।

রেডিও দেখলেই আমি কেমন নস্টালজিক হয়ে উঠি। আমাদের ছোট্ট একটা এক ব্যান্ডের রেডিও ছিল। অতি সাধারণ। আব্বা ছিলেন খবরের অনুরাগী। আমাদের ছোটবেলায় ঘুম ভাঙত সকাল ছটার বিবিসি বাংলার সংবাদ শুনে। তারপর বাংলাদেশ বেতারের সাতটার সংবাদ। এরপর ভারত থেকে প্রচারিত আকাশবাণীর খবর। আব্বা রাতে বিবিসির শেষ খবরটি শুনে ঘুমাতে যেতেন। অনেকসময় বহু কসরত করে স্টেশন ধরতে হতো তাঁকে। কখনো কখনো অ্যান্টেনার সাথে বিদ্যুতের তার বেঁধে টিনের চালের সাথে সংযোগ করে দিতেন যাতে ভালো শুনতে পারেন।

আজও চোখ বন্ধ করলে দেখতে পাই, শোবার ঘরের কাঠের শোকেসের উপরে রাখা কালো রেডিওটাকে। শোকেসে সামান্য হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন আব্বা। গভীর মনোযোগে শুনছেন রেডিওর সংবাদ। কখনো কপালে চিন্তার ভাঁজ। পৃথিবীর কোথায় কী ঘটছে, কোন দেশে যুদ্ধ, কোথায় রাজনৈতিক পরিবর্তন। সবকিছু জানার এক অদম্য আগ্রহ ছিল তাঁর। ইন্টারনেট, স্মার্টফোন, চব্বিশ ঘণ্টা চলা টেলিভিশন কিছুই ছিল না তখন। দৈনিক সংবাদপত্র আর ছোট্ট একটি রেডিওর মাধ্যমেই আব্বা সারা পৃথিবীর সঙ্গে তাঁর যোগাযোগ রাখতেন।

আম্মার সারা বেলা কাটত রান্নাঘরে, কলতলায়। অজানা শহরের যুদ্ধ, শান্তি, রাজনীতির খবর রাখার মতো বিলাসিতার ফুরসত ছিল না। দুপুরে সব কাজ সাঙ্গ হলে একটু ঘুমিয়ে নিতেন, কানের কাছে রেডিওতে বাজত বিজ্ঞাপন তরঙ্গ। কিংবা অনুরোধের আসর, গানের ডালি। সন্ধ্যাবেলা আব্বা যখন আমাদেরকে পড়াতে বসতেন, আম্মা তখন রেডিওটা রান্নাঘরে নিয়ে লো ভলিউমে শুনতেন দুর্বার। সৈনিকদের জন্য গানের অনুষ্ঠান।

আব্বা আজ আর বেঁচে নেই। আম্মারও আর রেডিওপ্রীতি নেই। এখন তিনি ইউটিউব আর রিলের ভক্ত। আমার মধ্যেই শুধু রেডিওর প্রতি ভালোবাসাটা রয়ে গেছে!

রাবাতের পুরোনো মদিনার সেই ছোট্ট লাল রেডিওটি দামাদামি ছাড়াই কিনে নিলাম। আমার সংগ্রহের সব রেডিওতে তারিখ এবং স্থান লিখে রাখি। আজ থেকে বহুদিন পর হয়তো গর্ব করে কাউকে বলব আমি এই রেডিওটা মরক্কোর রাবাত থেকে কিনেছিলাম।

একটি দোকানে সাজানো মরক্কোর ঐতিহ্যবাহী পুদিনা চা পরিবেশনের নানা ধরনের কেতলি। রুপালি, সোনালি, ছোট, বড়। প্রতিটির গায়ে নিখুঁত কারুকাজ, জ্যামিতিক নকশা আর সূক্ষ্ম অলংকরণ। এমনই একটি কেতলি কিনে ফেললাম। রুপালি রঙের। দেখতে যেন ছোটখাটো এক শিল্পকর্ম।

হাঁটতে হাঁটতে এবার চোখ গেল রাস্তার পাশে এক ফল বিক্রেতার দিকে। সামনে সাজানো ডিম্বাকৃতির সবুজ, হলুদ আর লালচে রঙের অদ্ভুত ফল। নাম ‘প্রিকলি পেয়ার’, ক্যাকটাসজাতীয় গাছের ফল। গায়ে অসংখ্য সূক্ষ্ম কাঁটা। আগে দেখেছি, কিন্তু কখনো খাইনি। বিক্রেতা হাতে দস্তানা পরে ধারালো ছুরি দিয়ে প্রথমে দুই প্রান্ত কেটে, তারপর মাঝ বরাবর খোসা চিরে বের করে আনছে ভেতরের নরম, রসালো অংশ।

কৌতূহলবশত একটি কিনে খেলাম। মিষ্টি, রসালো, খানিকটা অচেনা, অপূর্ব স্বাদ! কোন পরিচিত ফলের সঙ্গে তুলনা করব বুঝতে পারছিলাম না। ভেতরে অসংখ্য ছোট ছোট কালো শক্ত বীজ। ফলটি বেশ পছন্দ পছন্দ হলো। আরেকটি নিলাম। তারপর আরেকটি। বিক্রেতা একের পর এক খোসা ছাড়িয়ে দিচ্ছে। আমি খেয়ে চলেছি। আটটি ফল খেয়ে ফেললাম! একরকম নেশা পেয়ে গিয়েছিল।

প্রিকলি পেয়ারে মন-পেট দুটোই ভরে গেল। বেশ রাত হয়েছে তখন। আমার আস্তানা দার আল ফানুসের পথে পা বাড়ালাম। রাতের খাবার খাওয়ার আর কোনো ইচ্ছে নেই। তবু এক গ্লাস পুদিনা চা খাওয়ার লোভ সামলাতে পারলাম না। একটি ছোট্ট সাধারণ রেস্তোরাঁয় ঢুকে পড়লাম। রাস্তার ওপরই কয়েকটি চেয়ার-টেবিল পাতা। এক ভদ্রমহিলার ছোট্ট রেস্তোরাঁ।

আলো-আঁধারির মধ্যে বসে চায়ের জন্য অপেক্ষা করছি। হঠাৎ পাশের টেবিল থেকে ভেসে এল ইংরেজি আর হিন্দি মেশানো এক তরুণীর কণ্ঠস্বর। ভালো করে তাকিয়ে বুঝলাম, মোবাইল ফোনে লাইভে আছে। একসঙ্গে কথা বলে চলেছে অসংখ্য মানুষের সঙ্গে। কথার যেন শেষ নেই! কখনো হাসছে, কখনো প্রশ্ন করছে, কখনো প্রশ্নের উত্তর দিচ্ছে। মুহূর্তের জন্যও মুখ বন্ধ নেই।

হঠাৎ আমার দিকে তাকিয়ে হিন্দিতে বলে উঠল, ‘আপ ইন্ডিয়া সে?’

‘নো, আই অ্যাম আ বাংলাদেশি অস্ট্রেলিয়ান।’

কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, ‘‘হু আর ইউ টকিং টু? ইয়োর ফ্রেন্ডস?’

‘আই অ্যাম আ টিকটকার!’ মেরা নাম তাজ। হিন্দি আতি হ্যায়?’

বললাম, ‘নো।’

‘ক্যা! বাংলাদেশ মে উর্দু নেহি বোলতে? উর্দু অউর হিন্দি তো এক হি হ্যায়!’

দৃঢ় কণ্ঠে বললাম, ‘নো, মাদার টাং অব বাংলাদেশি পিপল ইজ বাংলা, নট উর্দু। ইন নাইনটিন ফিফটি-টু…’

ততক্ষণে তার মনোযোগ আবার মোবাইলের পর্দায়। ভাষা আন্দোলনের ইতিহাস শোনার ধৈর্য বা সময় তার নেই। অনুসারীদের সঙ্গে কথোপকথন চলছেই। ‘হাই গাইজ!’, ‘লাভ ইউ সো মাচ!’, ‘হ্যালো, হ্যালো!’, ‘টেক কেয়ার, বাই!’, ‘বাই, বাই!’

প্রতিবেশী দেশের এক তরুণীর বাংলাদেশের ভাষা সম্পর্কে অজ্ঞতা দেখে মন খারাপ হলো।

বললাম, ‘ইউ বেটার গিভ টাইম টু ইয়োর ফলোয়ার্স। বাই-বাই!’’

চায়ের বিল মিটিয়ে দার আল ফানুসের দিকে হাঁটা ধরলাম। তাজ তখনো তার ভক্তদের সঙ্গে কথা বলে চলেছে। কী আজব ব্যাপার! ইনফ্লুয়েন্সাররা কীভাবে পরিচিত-অপরিচিত এত মানুষের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা যোগাযোগ চালিয়ে যেতে পারে! এও নতুন যুগের এক বিস্ময়!

হোটেলের ঘরে ফিরে ব্যাগ থেকে ছোট্ট লাল রেডিওটা বের করে সুইচ চালু করলাম। ভাগ্যিস ফুল চার্জ ছিল। তারপর বিছানায় গা এলিয়ে দিলাম। ধীরে ধীরে চ্যানেল খোঁজার চাকতিটা ঘোরালেই ভেসে এল ফরাসি আর আরবি অচেনা গান, সুর আর মানুষের কণ্ঠস্বর। কিছুই বুঝতে পারছি না। অথচ শুনতে বেশ ভালো লাগছে।

আব্বা বেঁচে থাকলে এই রেডিওটা তাঁকেই দিতাম। কী খুশিই না হতেন! কত আগ্রহ নিয়ে হাতে তুলে নিতেন। ঘুরিয়ে ফিরিয়ে দেখতেন। তারপর একের পর এক স্টেশন ধরার চেষ্টা করতেন। হয়তো আমাকে ডেকে বলতেন, ‘দেখ তো, বিবিসি বাংলা ধরা যায় কি না!’

আব্বা বেঁচে থাকলে এই রেডিওটা তাঁকেই দিতাম। কী খুশিই না হতেন! কত আগ্রহ নিয়ে হাতে তুলে নিতেন। ঘুরিয়ে ফিরিয়ে দেখতেন। তারপর একের পর এক স্টেশন ধরার চেষ্টা করতেন। হয়তো আমাকে ডেকে বলতেন, ‘দেখ তো, বিবিসি বাংলা ধরা যায় কি না!’

২০১৬ সালের ১২ জুলাই আব্বা মারা যাওয়ার পর আমার কান্না আসেনি। বহু দিন ভেবেছি, একদিন অনেকক্ষণ ধরে আব্বার জন্য কাঁদব। রাবাতের এই নিঃসঙ্গ হোটেলকক্ষে শুয়ে লাল রেডিওটার চাকতি ঘোরাতে ঘোরাতে মনে হলো, আজ দশ বছর পর সেই দিনটি এসেছে। চোখ ফেটে কান্না এল। অদ্ভুত এক কান্না। ছাপ্পান্ন বছরের কোনো মানুষের কান্না নয়। একটি ছোট্ট শিশুর তার হারিয়ে যাওয়া বাবার জন্য কান্না।