রেডিও নিয়ে আপনার স্মৃতি: অ্যাডিলেড বেতারে গল্প শোনানোর আহ্বান

প্রবাসে বসবাসরত বাঙালিদের পুরোনো স্মৃতির দুয়ারে আবারও কড়া নাড়ছে অ্যাডিলেড বেতার। রেডিওকে ঘিরে জীবনের নানা গল্প, অভিজ্ঞতা, অনুভূতি ও মজার ঘটনা লেখার কিংবা নিজের কণ্ঠে রেকর্ড করে পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলা ভাষার এই বেতার উদ্যোগ। আগামী ৬ ডিসেম্বর, রবিবার থেকে অ্যাডিলেড বেতারের সম্প্রচার শোনা যাবে ১০৩.১ এফএম-এ। প্রতি রোববার রাত সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত প্রচারিত হয় অনুষ্ঠানটি।

‘রেডিও নিয়ে আপনার স্মৃতি’ শিরোনামে আয়োজিত এ উদ্যোগের মূল উদ্দেশ্য শুধু কিছু লেখা বা অডিও সংগ্রহ করা নয়; বরং রেডিওকে ঘিরে প্রজন্মের পর প্রজন্মের মানুষের অনুভূতি, অভিজ্ঞতা ও সাংস্কৃতিক স্মৃতিগুলো এক জায়গায় তুলে ধরা। আয়োজকদের প্রত্যাশা, প্রবাসে থাকা বাঙালিরা তাঁদের জীবনের গল্পের মধ্য দিয়ে রেডিওর সঙ্গে জড়িয়ে থাকা হারিয়ে যাওয়া সময়কে আবারও জীবন্ত করে তুলবেন। সেই গল্পগুলোই এবার শুনতে চায় অ্যাডিলেড বেতার। কারণ, রেডিও কেবল একটি যন্ত্র নয়; কখনো এটি সময়ের সাক্ষী, কখনো স্মৃতির বাহন, আবার কখনো দূরে থেকেও মানুষকে আপন করে রাখার এক অদৃশ্য সেতু।

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানা: adelaidebetar@gmail.com
শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬
বিজয়ীদের নাম ঘোষণা: ৬ ডিসেম্বর ২০২৬
সম্প্রচার: ১০৩.১ এফএম, প্রতি রোববার রাত ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিট।

বাংলাদেশের অনেক পরিবারের কাছে রেডিও ছিল দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। গ্রামে কিংবা শহরে, সেই সময়ে রেডিওর আবেদন ছিল সর্বত্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ঐতিহাসিক সম্প্রচার, বিবিসি বাংলা, ভয়েস অব আমেরিকা, বাংলাদেশ বেতার থেকে শুরু করে নাটক, গান, সংবাদ, কৃষিবিষয়ক অনুষ্ঠান কিংবা খেলাধুলার ধারাবিবরণী, বাঙালির সামাজিক ও সাংস্কৃতিক জীবনে রেডিওর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

প্রযুক্তির পরিবর্তনে রেডিওর প্রচলিত ব্যবহার অনেকটাই বদলে গেলেও স্মৃতির জায়গায় তার অবস্থান এখনো বিশেষ। বিশেষ করে দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের কাছে এসব স্মৃতি হয়ে উঠতে পারে শেকড়ের সঙ্গে সংযোগের এক অনন্য মাধ্যম।

অ্যাডিলেড বেতারের আহ্বানে রেডিও নিয়ে নিজের স্মৃতিচারণ, অভিজ্ঞতা, অনুভূতি কিংবা ছোট কোনো মজার ঘটনা লিখে পাঠানো যাবে। যাঁরা লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাঁরাও চাইলে নিজের কণ্ঠে স্মৃতি রেকর্ড করে পাঠাতে পারবেন। লেখার বিষয় হিসেবে রাখা হয়েছে রেডিও নিয়ে ব্যক্তিগত স্মৃতিচারণ, অভিজ্ঞতা, অনুভূতি কিংবা ছোট গল্প। লেখার সর্বোচ্চ দৈর্ঘ্য ২৫০ শব্দ। অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা দুই থেকে তিন মিনিট।

লেখা বা অডিও পাঠাতে হবে adelaidebetar@gmail.com ঠিকানায়। ই-মেইলের বিষয় (Subject) লিখতে হবে ‘রেডিও নিয়ে আপনার স্মৃতি’। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, নির্বাচিত চারজন লেখক বা প্রেরক পাবেন ২৫ ডলারের মূল্যের গিফট ভাউচার। লেখা বা অডিও পাঠানোর শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৬। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ৬ ডিসেম্বর ২০২৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *