নীল আকাশে বেগুনি রঙের ছোঁয়া

অ্যাডিলেডে যখন বসন্ত তার গোধূলীলগ্নে পা রাখে, তখন পুরো শহরটাই যেন এক জাদুকরি রূপ নেয়, পরিচিত শহরটিকে কেমন যেন অপরিচিত লাগে। রাস্তার দুই পাশের গাছগুলো ভরে ওঠে বেগুনি ফুলে। দূর থেকে তাকালে মনে হয়, সবুজ পাতার ফাঁকে কেউ বুঝি যত্ন করে ছড়িয়ে দিয়েছে অসংখ্য বেগুনি রঙের ছাতা। প্রতিবছর অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে অ্যাডিলেডের অলিতে-গলিতে এই দৃশ্য চোখে পড়ে। আবাসিক এলাকার রাস্তা, বাড়ির সামনের বাগান, পার্ক কিংবা চওড়া ফুটপাত, সবখানেই জাকারান্ডার সবর আধিপত্য।

কোথাও রাস্তার পাশে দীর্ঘ গাছের ছায়া, কোথাও ফুটপাতে ঝরে পড়া ফুলের পাপড়ির আচ্ছাদন, আবার কোথাও পার্কের সবুজ ঘাসের ওপর বেগুনি রঙের নকশা। আমাদের এই গতানুগতিক যান্ত্রিক জীবনের ব্যস্ততা এক মুহূর্তের জন্যও থেমে থাকে না, কিন্তু তারপরও এই ক্ষণস্থায়ী সৌন্দর্যের সামনে দিয়ে যাওয়ার সময় পথচারীরাও হয়তো একবারের জন্য থমকে দাঁড়ান, চোখ তুলে তাকান প্রকৃতির এই রূপের দিকে।
গাছের ডালে ডালে ফুটে থাকা ফুল আর বাতাসে ভেসে বেড়ানো পাপড়িগুলো অ্যাডিলেডের বসন্তকে এক অন্য ভুবনে নিয়ে যায়। তৈরী করে অন্যরকম এক আবেশের, প্রকৃতিতে জাকারান্ডা (Jacaranda) ফুলের রূপ সত্যিই বড় অদ্ভুত ও জাদুকরী! নীলচে-বেগুনি রঙের এই ফুলগুলো পরিবেশের আলো-ছায়ার সঙ্গে সঙ্গে যেন তাদের রূপ বদলায়।

সকালে যখন নরম রোদ পড়ে, তখন ফুলগুলোর রঙে এক ধরনের স্নিগ্ধতা ও সতেজ ভাব দেখা যায়। শিশিরভেজা সকালে নীল-বেগুনি আভাটি বেশ শান্ত দেখায়। যেন এই মাত্র আড়মোড়া ভেঙ্গে সেজে উঠলো। দুপুরের তীব্র রোদে ফুলগুলো উজ্জ্বল হয়ে ওঠে। তখন গাছের চারপাশের আলোয় বেগুনি রঙটি আরও বেশি জীবন্ত ও দীপ্তিময় মনে হয়। বিকেলে আলো যখন নরম হয়ে আসে, তখন জাকারান্ডার রঙে এক ধরনের মায়াবী ও বিষণ্ণ সুন্দর রূপ ফোটে। এ যেন আমাদের জীবনেরই এর রুপ। আর বৃষ্টি নামলে তো কথাই নেই! বৃষ্টির ফোঁটায় ভিজে জাকারান্ডার পাপড়িগুলো যখন রাস্তায় ঝরে পড়ে, তখন মনে হয় যেন পুরো পথজুড়ে কেউ যেন বেগুনি রঙের চাদর বিছিয়ে দিয়েছে।

মনোরম এই ফুলগাছের বৈজ্ঞানিক নাম Jacaranda mimosifolia। এটি বিগনোনিয়াসি (Bignoniaceae) পরিবারের একটি সদস্য। গাছটির আদি নিবাস দক্ষিণ আমেরিকা, বিশেষ করে বলিভিয়া ও আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চলের বনাঞ্চলে এর প্রাকৃতিক বিস্তৃতি রয়েছে। তবে এর অনন্য সৌন্দর্যের কারণে বর্তমানে বিশ্বের উষ্ণ ও উপউষ্ণ অঞ্চলের শহরগুলোতে এটি ব্যাপকভাবে রোপণ করা হয়। পূর্ণবয়স্ক একটি জাকারান্ডা গাছ সাধারণত ৮ থেকে ১৫ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। ডালপালা চারদিকে ছড়িয়ে পড়ে এটি তৈরি করে এক প্রশস্ত ছায়াঘেরা ছাতা। এর কাণ্ড ধূসর বা ধূসর-বাদামি রঙের হয়ে থাকে। গাছটির পাতাও বেশ আকর্ষণীয়; দূর থেকে দেখলে মনে হয় কোনো ফার্ন গাছের পাতা। হালকা সবুজ রঙের অসংখ্য ছোট ছোট পত্রক পালকের মতো সাজানো থাকে ডালজুড়ে।

জাকারান্ডার একটি চমৎকার বৈশিষ্ট্য হলো, ফুল ফোটার সময় অনেক গাছে পাতার পরিমাণ তুলনামূলকভাবে কমে যায়। এর ফলে সবুজ পাতার আড়ালে ঢাকা না পড়ে ফুলগুলো আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। মনে হয়, পাতার বদলে বুঝি গাছে শুধু ফুলই জন্মেছে!

অ্যাডিলেডে জাকারান্ডার এই রূপ স্থায়ী হয় মোটে কয়েক সপ্তাহ। এরপর ফুলগুলো ঝরে যায়, গাছ আবার ফিরে যায় তার পরিচিত সবুজ পাতার রূপে। কিন্তু এই অল্পসময়ের সৌন্দর্য মানুষের মনে রেখে যায় দীর্ঘস্থায়ী এক অনুভূতি। ক্লান্তি ভুলে অ্যাডিলেডের বাসিন্দারা মেতে ওঠেন প্রকৃতির এই বেগুনি উৎসবে।