দেশীয় আবহে অ্যাডিলেডে প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন

দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে শুক্রবার পালিত হলো পবিত্র ঈদুল ফিতর। ভোরের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ঈদের নামাজে অংশ নেন মুসল্লিরা। এখানে ঈদের নামাজ পরিণত হয় বহুজাতিক মুসলিমদের মিলনমেলায়, প্রিয় মানুষদের সঙ্গী করে সেখানে অংশ নিয়েছেন বাংলাদেশি প্রবাসীরা। বাংলাদেশের মতো ঈদের নামাজের জন্য এখানে আলাদা কোনো ঈদগাহ নেই। তাই ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদ, মাসাল্লা, পার্ক, কমিউনিটি হল ও স্কুলে ঈদের নামাজ আদায় করেন। দেশটির বিভিন্ন প্রদেশে অনুষ্ঠিত ঈদ জামাতে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঘনবসতিপূর্ণ এলাকায় এমনও দেখা গেছে, একই স্থানে কয়েকটি ঈদের জামাত হয়েছে। সুন্দর রৌদ্রোজ্জ্বল শীতল সকালে দেশটিতে নামাজ আদায় করতে সকাল থেকে মুসল্লিরা ছুটে আসেন এই জামাত গুলোতে।

বাংলাদেশি প্রবাসীরা দেশীয় আবহে তারা ঈদ উপভোগের চেষ্টা করছেন। ঈদের নতুন পোশাক, মেহেদি রাঙা হাত ও দেশীয় সাজ ফুটিয়ে তুলছেন নারীরা। প্রিয়জনদের বাসায় দাওয়াতের পর্বেও দেখা যাচ্ছে সরগরম উপস্থিতি। আড্ডা আর রকমারি খাবারে অ্যাপায়নেও আছে দেশীয় ঢং। যদিও দেশে ঈদ উদযাপন বেশ উপভোগ্য মনে করেন বেশিরভাগ প্রবাসী। তবে অস্ট্রেলিয়ায় ঈদের আবহও সেই অর্থে কম নয়।

অস্ট্রেলিয়ায় প্রায় ১০ লাখ মুসলমান বসবাস করেন। তবুও নির্বিঘ্নে ঈদ আনন্দে মেতেছেন সংখ্যালঘু মুসলিমরা। ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদের নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আনন্দ ভাগাভাগি করেন সর্বস্তরের মানুষ।