বিদেশে বসবাসরত অনাবাসী বাংলাদেশী (এনআরবি) বিশেষজ্ঞ ও পেশাজীবীদের ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন দেশটির জাতীয় উন্নয়ন ও শিল্প খাতের অগ্রগতিতে যুক্ত করার লক্ষ্যে বিদেশে বসবাসরত অনাবাসী বাংলাদেশী (এনআরবি) বিশেষজ্ঞ ও পেশাজীবীদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে। গত ২ জুন, ২০২৬ তারিখে হাইকমিশন কর্তৃক জারি করা একটি অফিসিয়াল সার্কুলারের (নম্বর: ১৯.০১.৬১০১.২০৪.৯৯.০০১.২৫) মাধ্যমে জানা গেছে, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই ডাটাবেজ তৈরির কার্যক্রম পরিচালনা করছে।
এই ডাটাবেজের মূল লক্ষ্য হলো বিজ্ঞানী, প্রকৌশলী, শিক্ষাবিদ এবং শিল্প বিশেষজ্ঞদের মতো বিশিষ্ট প্রবাসী বাংলাদেশী পেশাজীবীদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগানো। ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপ্লিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (SICIP)-এর আওতায় শিল্প-মুখী গবেষণা ও উন্নয়ন (R&D) কার্যক্রমে গতি আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কাউন্সেলর ও হেড অব চ্যান্সেরি মোছাঃ তহমিনা ইয়াসমিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রবাসী বাংলাদেশী পেশাজীবীদের দেশের জাতীয় স্বার্থ, শিল্প রূপান্তর এবং টেকসই উন্নয়নে আরও কার্যকরভাবে যুক্ত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যৌথভাবে একটি সমন্বিত “ডায়াসপোরা নীতি” (Diaspora Policy) প্রণয়ন করছে। এসব লক্ষ্য অর্জনে SICIP একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
আগামী ১৪ জুন, ২০২৬ তারিখের মধ্যে বিশিষ্ট প্রবাসী বাংলাদেশী বিশেষজ্ঞদের একটি সমন্বিত তালিকা জমা দেওয়ার জন্য হাইকমিশনকে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশের জাতীয় উন্নয়ন ও জ্ঞান-ভিত্তিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে আগ্রহী প্রবাসী বাংলাদেশীদের নির্ধারিত সময়ের মধ্যে mission.canberra@mofa.gov.bd ইমেইল ঠিকানায় তাদের তথ্য পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত ছক অনুযায়ী আবেদনকারীদের নিম্নলিখিত তথ্যসমূহ প্রদান করতে হবে:
• নাম
• বর্তমান কর্মস্থল
• পদবি (যদি থাকে)
• পেশা/দক্ষতার ক্ষেত্র
• যোগাযোগের বিবরণ (ঠিকানা, ইমেইল এবং মোবাইল নম্বরসহ)
এই উদ্যোগকে সফল করতে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির আন্তরিক সহযোগিতা বিশেষভাবে কামনা করেছে হাইকমিশন।