রুপা

আমি আমাতুল্লাহ আয়রা ওরফে রুপা। জন্মের সময় দাদীমা আমার উজ্জ্বল, সাদা ত্বক দেখে আমাকে ‘রুপা’ ডাকা শুরু করলে সবাই আমাকে রুপা নামেই ডাকে। আমার জন্মস্থানের দুই পাশ দিয়ে বয়ে গেছে পায়রা নদী আর বিষখালী নদী। বাবা-মা আমার নাম ‘পায়রা’ না রাখতে পেরে এর সঙ্গে মিল রেখেই হয়তো বা রেখেছেন ‘আয়রা’।

নদী আর সাগরনির্ভর বরগুনার প্রকৃতি যেমন আপন খেয়ালে নদীর বুকে জাগায় চর, তেমনিভাবেই বরগুনার মেয়েদের বুকে ক্ষণে ক্ষণে জেগে ওঠে ভালোবাসার চর। তাই তো ক্লাস নাইনে পড়াকালীন আমাদের পাড়ার মঞ্চনাটকে নায়কের অভিনয়কারী বাবুল ভাইকে নিজের জীবনের আসল নায়ক বানিয়ে নিলাম। চাকরি পাওয়ার জন্য, পক্ষান্তরে আমাকে পাওয়ার জন্য, বাবুল রাত্রিকালীন কমার্সিয়াল কলেজে ভর্তি হয়ে খুব কম সময়ের মধ্যেই টাইপিংয়ের স্ট্যান্ডার্ড (মিনিটে চল্লিশ আলফাবেট) অর্জন করে নিল। এখন কোনো রকমে ঢাকা যেতে পারলে খুব বেশি হলে এক সপ্তাহের মধ্যেই একটা চাকরি জোগাড় করে নিতে পারবে। বাবুল তার জীবনের চেয়ে আমাকে বেশি ভালোবাসে এবং আমাকে হারালে সে বাঁচবে না।

শুধু বাবুল কেন, আমিও তো আমার মনকে দুভাগ করে এক মনে পড়া, আহার, নিদ্রা ইত্যাদি কাজ আর অন্য মনে বাবুলের সাথে কথা বলতে থাকি, যা চিকিৎসা বিজ্ঞানে অডিটরি হ্যালুসিনেশন নামে পরিচিত। ফ্যামিলিতে বিয়ের কথা বলার চেয়ে বাবুল আমাকে ঢাকা নিয়ে গিয়ে বিয়ে করাকে সহজ মনে করলে আমিও তা মেনে নিয়ে একদিন বাবুল ও তার বন্ধুদের বুদ্ধিমত্তায় সবার চোখ ফাঁকি দিয়ে বরগুনা লঞ্চ টার্মিনাল গিয়ে লঞ্চে উঠে পড়লাম। খুব ভোরবেলায় লঞ্চ সদরঘাট পৌঁছালে আমরা লঞ্চ থেকে নেমে টার্মিনাল থেকে বের হলাম। বাবুল ঘাড়ে ব্যাগ নিয়ে বাম হাত দিয়ে আমার ডান হাত ধরে আছে। তার মুষ্টিবদ্ধ ডান হাত দেখে মনে হচ্ছে, কল্পিত চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটি তার হাতে ধরা এবং তার এই কল্পিত মনোশক্তিতেই সে আমাকে নিয়ে লঞ্চে উঠেছিলো।

রিকশাওয়ালারা ডাক দিলেও সে রিকশা নিলো না। কারণ তার কোনো গন্তব্যই নাই। টার্মিনাল থেকে কয়েক কদম হাঁটতেই তার স্নায়বিক চাপ আমার ডানহাত বেয়ে আমার কলিজায় এসে বাড়ি মারতে শুরু করল। হঠাৎ লাল দালানের পাশ থেকে হেংলা-পাতলা স্যান্ডো গেঞ্জি পরা এক লোক মেসওয়াক করা অবস্থায় বাবুলের দিকে তেড়ে আসল। সে পুলিশের জমানদার পরিচয় দিয়ে আমাদের থানায় নিয়ে যেতে চাইলে বাবুল আমার ডান হাত ছেড়ে দিয়ে ভো দৌড়! “এ ভীতুর ডিমের লগে তুই লঞ্চে উইঠা আইছস!”—বলেই পুলিশের লোকটা আমার হাত ধরে বলল, “চল, আমি তোরে আজকেই বিয়া করমু।”

আকস্মিক বজ্রপাতের পরেই যেন আমার শরীরে পাথরসম নীরবতা। পায়রা কোনো কারণে নির্বাক হলেও বহমান, তাই তো বহতা নদীর মতোই আমি স্যান্ডো গেঞ্জি পরা লোকটির কথায় তার সঙ্গে তার চাকরি কাম থাকার জায়গা সদরঘাট ফায়ার সার্ভিস স্টেশনে হাজির হলাম। সে তার কথামতো সেই দিনই বিকালে আমাকে বিয়ে করল। সংসার, সন্তান জন্মদান, সন্তান লালন-পালন—এভাবেই আমি স্থির নদীর মতো ভেতরে ভেতরে বয়ে চললাম আর রাজা (মানে আমার দুই সন্তানের পিতা) চাকরিতে পদোন্নতির আশায় কবি নজরুল কলেজ থেকে বিএ পাস করল। রাজার সহকর্মী কাম বন্ধুরা বিকালে আমাদের বাসায় চা খাওয়ার জন্য আসত। ব্যাচেলর কেউ কেউ জিজ্ঞেস করত, আমার কোনো ছোট বোন আছে কিনা? থাকলে সে আমার ছোট বোনকে বিয়ে করতে চায়। ইতিমধ্যে ফায়ার সার্ভিস অধিদপ্তর, হেড অফিসে রাজার সুন্দরীর বৌয়ের কথা প্রচার হয়ে একদিন।

একদিন রাজা ভালো মাছ-মাংসসহ অনেক বাজার নিয়ে এসে ভালোভাবে রান্না করতে বলল, কারণ অধিদপ্তরের একজন প্রশাসনিক কর্মকর্তা আজ রাতে আমাদের বাসায় খাবে। এভাবে রাজা তার দক্ষতা এবং চরমোনাই পীরের দোয়ায় প্রমোশন পেয়ে স্টেশন অফিসার ও পরে সিনিয়র স্টেশন অফিসার হিসেবে গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনে যোগদান করল। গাজীপুরে থাকাকালীন হঠাৎ একদিন এক ফায়ারম্যান বাসায় এসে আমাকে খবর দিল, স্বয়ং উর্ধতন কর্মকর্তা স্টেশনে হাজির এবং উনি রাজার স্যারের কাছে সব হিসাব-নিকাশ চাচ্ছেন আর এটা ঠিকমতো দিতে না পারলে তাকে সাসপেন্ড করে চলে যাবেন।

আমি তাড়াতাড়ি ম্যাক্সি পরা অবস্থায় অফিসে গিয়ে উর্ধতন কর্মকর্তাকে বললাম, “স্যার, এখন লাঞ্চ টাইম, চলেন আমার বাসায় দুটো ডালভাত খাবেন।”

স্যার আগের চেয়ে ঠান্ডা হয়ে বলল, “আমি ডালভাত খাই না, খাসির মাংস আর পোলাও খাই, চলেন।”

এভাবে আমার পরিবারের সঙ্গে উর্ধতন কর্মকর্তার একটা সম্পর্ক গড়ে উঠল। এরপর থেকে ছুটির দিনে উর্ধতন কর্মকর্তা নিজেই আস্ত খাসি নিয়ে আমার বাসায় হাজির হন আর রাজা তার দুই ছেলেকে নিয়ে নিচে ক্যারম বোর্ড খেলায় ব্যস্ত হয়ে যায়। বয়সে একই উর্ধতন কর্মকর্তার এক চাচা চট্টগ্রামের শিপ ব্যবসায়ী ইউসুফের আমন্ত্রণে আমরা সবাই একদিন চন্দ্রার এক রিসোর্টে গেলাম। সেখানে আমাদের ছেলেরা পুকুরে নেমে বেশ মজা করল, এমনকি সবার পিড়াপিড়িতে আমাকেও পুকুরে নামতে হলো। শিপ ব্যবসায়ী ইউসুফ আমার ছেলেদের প্রতি খুবই কেয়ারিং।

বন্ধুবর উর্ধতন কর্মকর্তা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ছাড়ার পর নতুন উর্ধতন কর্মকর্তা এলে কোনো এক তদন্তের শাস্তি হিসেবে রাজাকে পলাশী ফায়ার সার্ভিস স্টেশনে বদলি করে দেওয়া হলো। ফায়ার সার্ভিস স্টেশনের সঙ্গেই লাগোয়া বড় বড় গাছের ছায়াবৃত হলুদ রঙের একটা টিনশেড বাসায় বসবাস শুরু করলাম। গভীর রাতে পাশের নির্মাণাধীন বুয়েট ছাত্রাবাসের নির্মাণসামগ্রী আনলোডিংয়ের বিকট শব্দে ঘুম ভেঙে যায়। রাজা দুপুরে খেতে আসার সময় অফিসের ‘ইত্তেফাক’ পত্রিকাটা বাসায় রেখে যায়, তাতেই চোখ রাখি আর কিছু সেলাইয়ের কাজ নিজ হাতে করি। এরকম এক বিকালে পিছনের বারান্দায় বসে সেলাইয়ের কাজে ব্যস্ত; হঠাৎ দেখি আঙিনার প্রাচীরের ওপাশে এক ছেলে প্যান্টের জিপার খুলে তার ব্লাডার খালি করছে। আমি লজ্জায় ঘরে ঢুকে চিন্তা করলাম, ছেলেটা তার গ্রামীণ অভ্যস্ততায় পাঁচিলের ধারকে বেছে নিলেও অবিবেচক নির্মাণ সুপারভাইজারের নির্দেশনার পরিণতিকে (অপ্রয়োজনীয় মাটি পাঁচিলের ধারে ফেলতে ফেলতে সমতল থেকে পাঁচিলের উচ্চতা কমিয়ে দেওয়া) ধর্তব্যে নেয় নাই।

শীতকালের বহমান নদীর মতো আমি শান্ত-সৌম্য প্রশান্ত অনন্ত নীরব এক নারী। চট্টগ্রামের শিপ ব্যবসায়ী ইউসুফ আমাদের সঙ্গে দেখা করার জন্য মাঝে মাঝে তার বিশাল পাজেরো গাড়ি নিয়ে আসে। এদিকে ছাত্রাবাসের নির্মাণকাজ শেষে নতুন ছাত্রাবাসে সবাই নাকি নতুন ছাত্র। নতুন ছাত্রদের এনার্জি গেইনের জন্য হৈচৈ, গালাগালি আমার অন্তঃকর্ণ ভেদ না করলেও তাদের রাজনৈতিক তর্কাতর্কি আমার অন্তঃকর্ণ ভেদ করে মস্তিষ্কে পৌঁছে যায়।

১৯৯০ সালের ২৭শে নভেম্বরের দুপুরের দিকে এমনি এক তর্কাতর্কি শুনলাম। একজন ছাত্র কোনোভাবেই মেনে নিতে পারছে না যে ডা. মিলন সরকারি সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে। ছাত্রটি আজ টিএসসির দিক থেকে কাজী নজরুল ইসলাম এভিনিউ ধরে দোয়েল চত্বরের দিকে অগ্রসর হওয়া স্বৈরাচারবিরোধী লাঠিমিছিলের পিছনভাগে ছিল। মিছিলের সম্মুখভাগ যখন পারমাণবিক শক্তি কমিশনের গেটের কাছাকাছি, তখন প্রথম গুলির শব্দ; মিছিল থামে না! দ্বিতীয় গুলির শব্দ; মিছিল থেমে গেল! তৃতীয় গুলির শব্দ; সাংবাদিকসহ মিছিলের সবাই পেছনের দিকে দৌড়। পেছনে গিয়ে ছাত্রটি দেখতে পায়, কাজী নজরুল ইসলাম এভিনিউ এবং নীলক্ষেত রোডের কর্নারে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের ফুটপাতে একজনকে রিকশা থেকে নামাচ্ছে। পরপর তিনটা গুলি কোন দিক বা কোথা থেকে আসল, সে ছাত্রটি হাজার চিন্তা করেও বের করতে পারেনি। কারণ টিএসসি এবং এর আশপাশ ছিল সর্বদলীয় ছাত্রঐক্যের দখলে আর স্বৈরাচারের বন্দুকধারীরা ছিল দোয়েল চত্বর ও কার্জন হল এলাকায়। তর্ক করা আরেক ছাত্র সেই ছাত্রকে পাগল উপাধি দিয়ে তর্কের পরিসমাপ্তি ঘটাল।

এর কয়েক দিন পর কারফিউ অমান্য করে মিছিলকারীরা ছত্রভঙ্গ হলে এবং মিছিলের সম্মুখভাগে থাকা মেয়েরা আমাদের বাসার ভিতরে অবস্থান নিলে আমার স্বামী তাদের দেওয়াল টপকে আরও নিরাপদ জায়গায়—বুয়েটের হলের ভিতরে যাওয়ার জন্য মজবুত মইয়ের ব্যবস্থা করে দিল। দেওয়ালের দুই দিকে নিরাপদ মইয়ের ব্যবস্থা ফায়ার সার্ভিসের লোক ছাড়া কেউ করতে পারত না। মেয়েদের এই সাহসিকতা হলের বারান্দায় দাঁড়িয়ে থাকা বুয়েট ছাত্রদের হৃতমনা করে দিল। একজন ছাত্রী মেধাবীদের উদ্দেশে বলল, “আপনারা ঘুমিয়ে থাকেন।”

ছাত্রাবাসের এক প্রান্তের ওয়াশরুম থেকে আমার শোবার ঘরের দূরত্ব খুবই কম, তাই এক রাতে বেসিনে পানি ছাড়ার শব্দ আর দুই ছাত্রের সতর্ক তথ্য আদান-প্রদানের আলাপ কানে এল। নব্বইয়ের গণঅভ্যুত্থানে পরাজিত সন্ত্রাসের মহাকাব্যিক এক ছাত্রনেতা এখন নিজের রাজত্ব ঢাবি ছেড়ে তাদের পাশের হলে থাকে। তার সাথে দেখা করার জন্য এক ভাবি সেই হলের গেস্টরুমে বসে থাকে। ছাত্রদের মতে যিনি দরদী ভাবি, সাংবাদিক ও ঔপন্যাসিক রাহাত খানের মতে তিনি একজন এক্স-মন্ত্রীর বৌ এবং একই সাথে ছাত্রনেতার গার্লফ্রেন্ড। ইউসুফ পারিবারিক বন্ধু হিসেবে আমার সঙ্গে দেখা করতে আসে আর আমার কয়েক গজ দূরেই এক অসহায় নারী তার প্রেমিকের দেখা পাওয়ার জন্য আকুল হয়ে ছেলেদের হলের গেস্টরুমে বসে থাকে। একদিন সন্ধ্যার সময় সেই হলে অবিবেক, অরোমান্টিক পুলিশের হানা। ব্যর্থ অভিযান শেষে পুলিশ কর্মকর্তার বক্তব্য, “আমরা সঠিক ইনফরমেশনের ভিত্তিতে এখানে এসেছি, দশ মিনিট আগেও উনি এখানে ছিলেন।”

এদিকে আমার ছেলে দুটো দিন দিন পড়াশোনায় অমনোযোগী হয়ে গেলেও এ নিয়ে রাজার কোনো মাথাব্যথা নেই। শিপ ব্যবসায়ী ইউসুফ তার বাসার পার্টিতে আমাকে ও রাজাকে দাওয়াত করে দাওয়াতের দিন পাজেরো পাঠিয়ে দেয়। এসব পার্টিতে সব ভাবীরাই দেখি স্লিভলেস ব্লাউজ পরে সেক্সি হেয়ারস্টাইল করে আসে। কিন্তু আমি জানি, ইউসুফ আমার কোমলতাকেই বেশি পছন্দ করে এবং ইউসুফের দৃষ্টি বলে, আমাতুল্লাহ আয়রা রুপা হচ্ছি প্রকৃতির নারী, যে একজন পুরুষকে শুধু ভালোবাসা দিয়েই আগলে রাখতে পারে। রাঙ্গুনিয়ার দজ্জাল মেয়ে বুলু, যিনি এখন ইউসুফের পত্নী বা স্ত্রী, চট্টগ্রামের পাঁচলাইশের বাসাতে থাকে এবং উনি ঢাকায় থাকা মোটেই পছন্দ করেন না। আর ইউসুফ তার ব্যবসা ধীরে ধীরে একমাত্র ছেলেকে বুঝিয়ে দিয়ে বেশিরভাগ সময় ঢাকাতেই থাকে।

একরাতে ডিউটিরত এক ফায়ারম্যান উত্তেজিত হয়ে দরজায় নক করে তাদের ইনচার্জ রাজাকে অভিযোগ দিচ্ছে যে, বুয়েটের ডক্টরস কোয়ার্টার থেকে ডক্টর খলিলুর রহমান ফোন শেষে তাকে “বাস্টার্ড নেশন” বলে গালি দিয়েছে। রাজা চোখ কচলাতে কচলাতে বলল, “কী হয়েছে?”

ফায়ারম্যান বলল, “স্যার, ঢাকেশ্বরী মন্দিরে আগুন লেগেছে! ডক্টরস কোয়ার্টার থেকে ডক্টর খলিলুর রহমান ফোন করে জানালে আমি উত্তর দিলাম, আমাদের যাওয়ার পারমিশন নাই। এতেই উনি খেপে গিয়ে আমাকে ‘বাস্টার্ড নেশন’ বলে গালি দিয়ে ফোন রেখে দিয়েছেন।”

অনেক পথ পেরিয়ে সাগরের আকর্ষণে বহতা নদী যেমন তার বুকের জমা সমস্ত জল সাগরের কাছে বিলিয়ে দেয়, তেমনি আমার এই পড়ন্ত বয়সে ইউসুফের টেককেয়ার এবং আমাকে পাওয়ার জন্য তার বিশুদ্ধ দৃষ্টির আকর্ষণে আমি আমাতুল্লাহ আয়রা রুপা নিজেকে বেঁধে রাখার ক্ষমতা হারিয়ে মোহনার কাছাকাছি। ছেলেদের উচ্ছৃঙ্খলতা আর রাজার উদাসীনতার ফলে সৃষ্ট একধরনের মানসিক কষ্ট, নিরাশা বা অবসাদ আমাকে আচ্ছন্ন করে ফেললে একদিন ইউসুফকে ফোন করলাম। গতরাতে ছেলেরা বাসায় ফেরেনি, রাজাকে বললাম, “রাজা, আমি চলে যাচ্ছি!”

রাজা কোনো উত্তর দিল না।

কয়েক বছর পর ইউসুফের কথামতো লোকমারফত ছেলেদের সহযোগিতা করার কথা বললেও, তারা মায়ের বাড়াবাড়িকে কোনোদিনই ক্ষমা করতে পারবে না বলে জানিয়েছে। আরও কয়েক বছর পরে জানতে পারলাম, রাজা রিটায়ার্ড করার পর ঝিকরগাছার নিজ গ্রামে একটা বিশাল বাড়ি করে বসবাস করছে। সে এখন চরমোনাই পীরের খুব কাছের লোক এবং ছেলেদের সে বিদেশে পাঠিয়ে দিয়েছে।

অনেক দিন পর এক দৈনিকে চোখ বুলিয়ে হেডলাইন দেখে মনটা খারাপ হয়ে গেল—”বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নিচে পিলারের ফাউন্ডেশনের উপর থেকে মডেল তিন্নির লাশ উদ্ধার!” মনে মনে বললাম, “ঢাকা শহরে এসে তুই কীর্তনখোলাকে ভুলে গিয়েছিলি রে হতভাগী!” আর মনে মনে নব্বইয়ের গণঅভ্যুত্থানে পরাজিত সন্ত্রাসের মহাকাব্যিক সেই ছাত্রনেতাকে ধিক্কার দিতে থাকলাম।

অনেক বছর পরে একদিন টেলিভিশনের ব্রেকিং নিউজে চোখ আটকে গেল—বরগুনার মেয়ে মিন্নির রহস্যঘেরা সাক্ষাৎকার, যার পেছনে লুকিয়ে ছিল শরণখোলার উন্মত্ত ভাঙনের তাণ্ডব। মনে মনে বলতে থাকলাম, “মিন্নি, তুই কী হতভাগা! সবাই তোকে মায়াবিনী, রহস্যময়ী, তাণ্ডব সৃষ্টিকারী নারী হিসেবে জানবে আর আমার কথা, আমার মতো রুপার কথা, আমাদের কথা জানবে না কেউ কোনো দিন।”