কথায় কথায় আছি, হৃদয়ের কাছাকাছি : ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘অ্যাডিলেড বেতার’

‘কথায় কথায় আছি, হৃদয়ের কাছাকাছি’- ৬ ডিসেম্বর থেকে প্রতি রবিবার ১০৩.১ এফএমে শোনা যাবে নতুন বাংলা রেডিও অনুষ্ঠান। অ্যাডিলেডে বসবাসরত বাঙালিদের জীবনে এমন কিছু মুহূর্তের সঙ্গী হতে চায় নতুন একটি উদ্যোগ ‘অ্যাডিলেড বেতার’।

দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে আগামী ৬ ডিসেম্বর ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে এই বাংলা রেডিও অনুষ্ঠান। ‘কথায় কথায় আছি, হৃদয়ের কাছাকাছি’ এই স্লোগানকে সামনে রেখে প্রতি রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ১০৩.১ এফএম (103.1 FM)-এ প্রচারিত হবে অনুষ্ঠানটি। আয়োজকদের কাছে এটি কেবল নতুন একটি রেডিও অনুষ্ঠানের সূচনা নয়; বরং প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ আরও গভীর করার একটি প্রয়াস।

প্রবাসে কোনো পরিচিত কণ্ঠে বাংলা কথা শোনা কিংবা বহুদিন পর প্রিয় কোনো গান শুনতে পাওয়া অনেকের কাছেই বিশেষ অনুভূতির। কারণ, সেই ভাষার সঙ্গে মিশে থাকে শৈশব, পরিবার, বন্ধুত্ব আর ফেলে আসা জীবনের অসংখ্য গল্প। অ্যাডিলেড বেতারের উদ্যোক্তারা মনে করছেন, প্রবাসী বাঙালিদের জীবনে এই সাংস্কৃতিক সংযোগের একটি নিয়মিত জায়গা তৈরি করা প্রয়োজন। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে অ্যাডিলেডে বসবাস করছেন, তাঁদের পাশাপাশি নতুন অভিবাসী পরিবারগুলোকেও একটি অভিন্ন সাংস্কৃতিক পরিসরে যুক্ত করতে চান তাঁরা।

প্রবাসে জন্ম নেওয়া কিংবা বেড়ে ওঠা শিশুদের অনেকের কাছেই বাংলাদেশ মূলত মা-বাবার মুখে শোনা গল্পের দেশ। দাদা-দাদি, নানা-নানি, গ্রামের বাড়ি, বর্ষার দিন, ঈদের আনন্দ কিংবা একুশে ফেব্রুয়ারির ইতিহাস এসবের সঙ্গে তাদের পরিচয় তৈরি হয় পরিবারের গল্প আর সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে। কিন্তু সময়ের সঙ্গে সেই পরিচয়কে ধরে রাখা সহজ নয়। স্কুল, বন্ধুবান্ধব ও দৈনন্দিন জীবনে ইংরেজির প্রাধান্যের কারণে অনেক শিশুর বাংলা ভাষার সঙ্গে যোগাযোগ সীমিত হয়ে আসে। ফলে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতিকে আনন্দের সঙ্গে পরিচিত করে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেন অনেক অভিভাবক।

অ্যাডিলেড বেতারের অন্যতম লক্ষ্যও এই জায়গায়। বাংলা গান, কবিতা, সাহিত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নতুন প্রজন্মকে নিজেদের ভাষা ও ঐতিহ্যের কাছাকাছি নিয়ে আসতে চান আয়োজকেরা।

আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানমালায় বাংলা সাহিত্যের ক্ল্যাসিক পরিবেশনা, অ্যাডিলেডের স্থানীয় খবর এবং প্রবাসীদের জীবনের অভিজ্ঞতা ও গল্প প্রাধান্য পাবে। অনুষ্ঠানে শুধু বিনোদন নয়, অ্যাডিলেডের বাঙালি কমিউনিটির নানা আয়োজন, সামাজিক কর্মকাণ্ড, ব্যক্তিগত অর্জন ও মানুষের জীবনের গল্প তুলে ধরার পরিকল্পনাও রয়েছে। স্থানীয় মানুষের সেই অভিজ্ঞতাগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার একটি মাধ্যম হয়ে উঠতে চায় অ্যাডিলেড বেতার।

‘কথায় কথায় আছি, হৃদয়ের কাছাকাছি’ এই স্লোগানকে সামনে রেখে প্রতি রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ১০৩.১ এফএম (103.1 FM)-এ প্রচারিত হবে অনুষ্ঠানটি।

অ্যাডিলেড বেতারের একজন প্রতিনিধি বলেন, “দীর্ঘদিন ধরে অ্যাডিলেডে বসবাসরত বাঙালিরা নিজস্ব একটি ধারাবাহিক রেডিও অনুষ্ঠানের প্রয়োজন অনুভব করছিলেন। সেই চাহিদা থেকেই ১০৩.১ এফএমের মাধ্যমে আমরা প্রবাসী বাঙালিদের ড্রয়িংরুমে ও গাড়িতে বাংলায় সুর ও কথা পৌঁছে দিতে যাচ্ছি। আমরা আশা করি, পুরো পরিবার একসঙ্গে বসে এই বাংলা অনুষ্ঠানটি উপভোগ করবেন।” তাঁর কথায়, এই উদ্যোগের মধ্য দিয়ে অ্যাডিলেডের বাঙালিদের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় হবে, এমনটাই তাঁদের প্রত্যাশা।

‘অ্যাডিলেড বেতার’ সম্পর্কে বিস্তারিত জানতে, অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে কিংবা কোনো পরামর্শ ও সহযোগিতার বিষয়ে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন মামুন আলার সঙ্গে (মোবাইল:0420616837)। আয়োজকদের প্রত্যাশা, অ্যাডিলেডের বাঙালি কমিউনিটির সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতায় ‘অ্যাডিলেড বেতার’ হয়ে উঠবে সবার কথা, গান ও অনুভূতি ভাগ করে নেওয়ার একটি আপন ঠিকানা। দেশ থেকে দূরে থাকলেও বাংলা ভাষা যে মানুষের হৃদয়ে কতটা আপন হয়ে থাকে, ‘অ্যাডিলেড বেতার’ সেই ভালোবাসারই নতুন এক প্রকাশ হতে চায়।