দক্ষিণ অস্ট্রেলিয়ায় ফিরছে তরুণ কর্মীদের বিনামূল্যে আইনি সহায়তা সেবা

কর্মক্ষেত্রে শোষণ, বেতন বঞ্চনা ও অন্যায়ের বিরুদ্ধে তরুণদের পাশে থাকবে Young Workers Legal Service

দক্ষিণ অস্ট্রেলিয়ার তরুণ কর্মীদের কর্মক্ষেত্রে অধিকার সুরক্ষা এবং বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে পুনরায় চালু হতে যাচ্ছে Young Workers Legal Service। রাজ্য সরকারের নতুন অর্থায়নে দীর্ঘদিন বন্ধ থাকা এই গুরুত্বপূর্ণ আইনি সহায়তা কার্যক্রম আবারও শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী চার বছরে এ সেবার জন্য মোট ১০ লাখ অস্ট্রেলীয় ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। ২৫ বছরের কম বয়সী দক্ষিণ অস্ট্রেলীয় তরুণ-তরুণীরা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে এ সেবা থেকে বিনামূল্যে আইনি পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা পাবেন।

SA Unions-এর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে পরিচালিত এ সেবার আওতায় একটি বিশেষ Workplace Rights Hotline চালু করা হবে। এর মাধ্যমে বেতন কম দেওয়া বা বকেয়া রাখা, অন্যায়ভাবে চাকরিচ্যুতি, কর্মক্ষেত্রে বৈষম্য, কর্মসংস্থান আইন লঙ্ঘন এবং কর্মক্ষেত্রে শোষণের মতো বিষয়ে সহায়তা দেওয়া হবে। গুরুতর ক্ষেত্রে সম্ভাব্য আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়েও পরামর্শ ও সহায়তা প্রদান করা হবে।

সেবাটি পরিচালনায় জ্যেষ্ঠ আইনজীবীর তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবী আইন বিভাগের শিক্ষার্থীরা কাজ করবেন। পাশাপাশি শিল্প সম্পর্ক ও কর্মসংস্থান খাতের অভিজ্ঞ পেশাজীবীদের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণ, লেকচার ও কর্মশালার আয়োজন করা হবে।

দক্ষিণ অস্ট্রেলিয়ার ডেপুটি প্রিমিয়ার এবং শিল্প সম্পর্কবিষয়ক মন্ত্রী কিয়াম মাহের বলেন, কর্মজীবনে প্রথম প্রবেশের সময় অনেক তরুণ-তরুণী তাঁদের কর্মক্ষেত্রের অধিকার সম্পর্কে যথেষ্ট জানেন না। অনিরাপদ বা শোষণমূলক পরিস্থিতির সম্মুখীন হলে কোথায় সহায়তা চাইতে হবে, সে বিষয়েও অনেকের ধারণা থাকে না। এ কারণেই রাজ্য সরকার Young Workers Legal Service পুনরায় চালুর উদ্যোগকে সমর্থন করছে।

SA Unions-এর সচিব ডেল বিসলি বলেন, এই সেবা তরুণ কর্মীদের বাস্তবভিত্তিক আইনি পরামর্শ ও অধিকার আদায়ের ক্ষেত্রে সহায়তা করবে। পাশাপাশি কর্মজীবনে প্রবেশের আগেই তরুণদের মধ্যে কর্মক্ষেত্রের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে বিদ্যমান SA Young Workers কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

SA Unions-এর পরিসংখ্যান অনুযায়ী, ২৫ বছরের কম বয়সী প্রতি তিনজন কর্মীর মধ্যে একজন বেতনসংক্রান্ত অনিয়ম বা বেতন বঞ্চনার শিকার হন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, ১৮ বছর বা তার কম বয়সী কর্মীদের কর্মক্ষেত্রে আঘাতের ঘটনা গত পাঁচ বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, প্রতি সপ্তাহে গড়ে ১৩ জন তরুণ দক্ষিণ অস্ট্রেলীয় গুরুতর কর্মক্ষেত্রজনিত আঘাতের শিকার হন।

উল্লেখ্য, Young Workers Legal Service দক্ষিণ অস্ট্রেলিয়ায় এর আগে এক দশকেরও বেশি সময় ধরে পরিচালিত হয়েছিল। সাবেক মার্শাল লিবারেল সরকারের আমলে অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় সেবাটি বন্ধ হয়ে যায়। নতুন উদ্যোগের আওতায় ২০২৭ সালের শুরুর দিকে পুনরায় কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

কর্মক্ষেত্রে ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এ উদ্যোগ দক্ষিণ অস্ট্রেলিয়ার তরুণ কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে নতুন অভিবাসী, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং প্রথমবারের মতো কর্মজীবনে প্রবেশকারী তরুণদের জন্য কর্মক্ষেত্রের অধিকার সম্পর্কে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।