হোল্ডফাস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট জাস্টিসেস গ্রুপের ডেপুটি চেয়ারপারসন হিসেবে টানা ষষ্ঠবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন মাহবুব সিরাজ তুহিন। সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনটির ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভায় (AGM) তিনি পুনরায় এ দায়িত্ব লাভ করেন।
দীর্ঘ ছয় বছর ধরে ধারাবাহিকভাবে এই পদে নির্বাচিত হওয়াকে সহকর্মী জাস্টিসদের আস্থা ও সমর্থনের এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন তিনি। পুনর্নির্বাচিত হওয়ার পর সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কমিউনিটির সেবায় নিবেদিত একটি দলের সঙ্গে কাজ করে যাওয়া তাঁর জন্য অত্যন্ত সম্মানের।
তিনি সিটি অব ওয়েস্ট টরেন্স ও হোল্ডফাস্ট এলাকার কমিউনিটির জন্য তাঁর সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার দোয়া ও শুভকামনা কামনা করেন।
২০২৬ সালের AGM-এ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রয়্যাল অ্যাসোসিয়েশন অব জাস্টিসেস অব সাউথ অস্ট্রেলিয়া ইনকর্পোরেটেড-এর প্রেসিডেন্ট মার্লিন হেইস জেপি, হোল্ডফাস্ট ডিস্ট্রিক্ট জাস্টিসেসের চেয়ারপারসন গ্রাহাম চ্যান্ট জেপি এবং সংগঠনের অন্যান্য কমিটি সদস্যরা।