অস্ট্রেলিয়ার সরকার ছাত্র ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে বেসরকারি কলেজ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন কোর্স চালুর আবেদন সাময়িকভাবে বন্ধ করেছে।
ফেডারেল সরকারের নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীদের জন্য ভোকেশনাল শিক্ষা ও ইংরেজি ভাষার কোর্স চালুর নতুন আবেদন ১২ মাসের জন্য স্থগিত থাকবে। সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং এটি অস্ট্রেলিয়ান স্কিলস কোয়ালিটি অথরিটি (ASQA)-তে জমা দেওয়া আবেদনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। ASQA হলো দেশটির ভোকেশনাল শিক্ষা প্রদানকারীদের জাতীয় নিয়ন্ত্রক সংস্থা।
সরকারের দাবি, এই পদক্ষেপের ফলে নিয়ন্ত্রক সংস্থাটি বিদ্যমান আবেদনগুলো আরও গভীরভাবে যাচাই করতে পারবে এবং নিম্নমানের প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক শিক্ষার্থী বাজারে অতিরিক্ত কলেজ প্রবেশের বিষয়ে তদন্ত চালাতে পারবে। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার ভিসা ব্যবস্থার অপব্যবহার ও অভিবাসন ব্যবস্থা নিয়ে হওয়া দ্রুত পর্যালোচনায় আন্তর্জাতিক শিক্ষা খাতে বড় ধরনের সততা ও মান-সংক্রান্ত উদ্বেগ চিহ্নিত করা হয়েছিল।
আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল বলেন, অস্ট্রেলিয়া এখনো প্রকৃত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত, তবে দেশের উচ্চমানের শিক্ষাব্যবস্থার সুনাম রক্ষা করা জরুরি।
তিনি বলেন, “বিদেশি শিক্ষার্থীদের জন্য ভোকেশনাল শিক্ষা (VET) বা ইংরেজি ভাষা শিক্ষা (ELICOS) পরিচালনার নতুন নিবন্ধন স্থগিত করা সহজ সিদ্ধান্ত নয়।”
তিনি আরও বলেন, “এর মাধ্যমে সরকার নতুন বাজারে প্রবেশকারী প্রতিষ্ঠান ও অতিরিক্ত সংখ্যক কলেজ নিয়ে তৈরি হওয়া সততা-সংক্রান্ত উদ্বেগ মোকাবিলা করতে পারবে।”
জুলিয়ান হিল জানান, শিক্ষার্থী সংখ্যা কিছু ক্ষেত্রে কমতে শুরু করলেও নিয়ন্ত্রক সংস্থাগুলো এখনো নতুন কোর্স ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের “হুড়োহুড়ি” লক্ষ্য করছে, যা উদ্বেগজনক।
তবে এই নিষেধাজ্ঞা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান—যেমন সরকারি স্কুল, TAFE এবং অস্ট্রেলিয়ার বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ওপর প্রযোজ্য নয়।
যেসব প্রতিষ্ঠান ইতোমধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী পড়ানোর অনুমোদন পেয়েছে, তারা নতুন ক্যাম্পাস যুক্ত করতে এবং পুরোনো যোগ্যতার পরিবর্তে নতুন কোর্স চালু করতে পারবে।
গত বছরের শেষ দিকে পাস হওয়া আইনের মাধ্যমে এই ১২ মাসের স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে। এটি লেবার সরকারের বৃহত্তর পরিকল্পনার অংশ, যার লক্ষ্য অসাধু প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করা এবং প্রকৃত আন্তর্জাতিক শিক্ষার্থীদের অভিজ্ঞতা উন্নত করা।
সরকার বলেছে, তারা নিশ্চিত করতে চায় যে অভিবাসন ব্যবস্থা যেন প্রকৃত শিক্ষার্থী ও সৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেই সমর্থন করে।
বেসরকারি কলেজে নতুন প্রবেশকারীদের ওপর স্থগিতাদেশের এই সিদ্ধান্ত এমন সময় এসেছে, যখন বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আশঙ্কা করছে যে কোয়ালিশন দল আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর পরিকল্পনা ঘোষণা করতে পারে।
বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর বলেছেন, ২০২৮ সালে নির্বাচিত হলে তিনি অস্ট্রেলিয়ার নিট বিদেশি অভিবাসন হারকে আবাসন নির্মাণ সম্পন্ন হওয়ার হারের সঙ্গে যুক্ত করবেন। এর ফলে অভিবাসনের সংখ্যা বর্তমান সীমার চেয়েও কম হতে পারে।
লেবার সরকারের অধীনে ২০২৫-২৬ অর্থবছরে নিট বিদেশি অভিবাসন হার ২৯৫,০০০ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরের অর্থবছরে তা কমে ২৪৫,০০০ হবে এবং পরবর্তী বছরগুলোতে বছরে ২২৫,০০০-এ নেমে আসবে। কিন্তু বছরে প্রায় ১,৭০,০০০ বাড়ি নির্মাণ সম্পন্ন হওয়ায় টেইলর ইঙ্গিত দিয়েছেন যে কোয়ালিশন সরকার অভিবাসনের হার ২০০,০০০-এরও নিচে নামিয়ে আনতে পারে। যদিও তিনি এখনো জানাননি কোথা থেকে এই কাটছাঁট করা হবে, তবে তার দাবি সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
ন্যাশনালস নেতা ম্যাট ক্যানাভান আন্তর্জাতিক ভিসা ব্যবস্থাকে “একটি প্রতারণা, যা কমিয়ে আনা দরকার” বলে মন্তব্য করেছেন।
লেবার সরকার শুরুতে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার জন্য আইন আনতে চেয়েছিল, কিন্তু কোয়ালিশন ও গ্রিনস দল সিনেটে তা আটকে দেয়। এরপর সরকার বিদ্যমান ব্যবস্থার “সততা” বজায় রাখা এবং “অসাধু” আবেদনকারীদের বাদ দেওয়ার দিকে বেশি গুরুত্ব দেয়। মার্চ মাসে অফশোর ছাত্র ভিসা প্রত্যাখ্যানের হার ৪০ শতাংশে পৌঁছায়।
ইউনিভার্সিটিজ অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী লুক শিহি বলেছেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিরুদ্ধে “হাতুড়ি-পেটানো” ধরনের কঠোর নীতি অর্থনীতির ক্ষতি করবে।
তিনি বলেন, “আমাদের হিসাব অনুযায়ী, প্রতিটি আন্তর্জাতিক শিক্ষার্থী বছরে প্রায় ৭০,০০০ ডলারের অর্থনৈতিক অবদান রাখে।” তিনি আরও বলেন, বড় বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ৮০ শতাংশ আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা শেষ করে দেশ ছেড়ে চলে যায়। “শিক্ষা অস্ট্রেলিয়ার অন্যতম বড় রপ্তানি খাত এবং আন্তর্জাতিক শিক্ষা আমাদের বড় সফলতার গল্প,” তিনি বলেন।
শিহির মতে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের দোষারোপ না করে আবাসন সরবরাহ বাড়ানোর জন্য “টিম অস্ট্রেলিয়া” মানসিকতা নিয়ে কাজ করা উচিত। তিনি বলেন, “আন্তর্জাতিক শিক্ষার্থীরা ব্যক্তিগত ভাড়াবাজারের মাত্র ৬ শতাংশের জন্য দায়ী।”
অন্যদিকে, ছায়া সহকারী মন্ত্রী ডেভ শর্মা বলেছেন, নির্বাচনের কাছাকাছি সময়ে কোয়ালিশন জানাবে কোন কোন ভিসা বিভাগে কাটছাঁট করা হবে। তিনি বলেন, “নির্বাচন এখনো দুই বছর দূরে। তখন আবাসন বাজারের পরিস্থিতির ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে।”