অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক ভ্রমণ আরও সহজ ও আধুনিক করতে সরকার ধাপে ধাপে প্রচলিত কাগজের Incoming Passenger Card বাতিল করে ডিজিটাল আগমন কার্ড (Australia Travel Declaration) চালু করার ঘোষণা দিয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দরে এই ডিজিটাল ব্যবস্থা চালু করা হবে। ইতোমধ্যে সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে নির্বাচিত কিছু আন্তর্জাতিক ফ্লাইটে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু রয়েছে। ২০২৬ সালের শেষ নাগাদ অ্যাডিলেড ও পার্থেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
নতুন ব্যবস্থায় যাত্রীরা অস্ট্রেলিয়ায় পৌঁছানোর আগে অনলাইনে একটি ডিজিটাল ঘোষণা ফরম পূরণ করতে পারবেন। ভবিষ্যতে এই সেবা বিভিন্ন এয়ারলাইন্সের অ্যাপ ও ভ্রমণ-সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের সঙ্গেও যুক্ত করা হবে।
সরকারের মতে, এই উদ্যোগের মাধ্যমে বিমানবন্দরে যাত্রীদের অপেক্ষার সময় কমবে, সীমান্ত নিরাপত্তা ও বায়োসিকিউরিটি কার্যক্রম আরও কার্যকর হবে এবং কাগজের ব্যবহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
তবে রূপান্তরকালীন সময়ে সব ফ্লাইটে একযোগে এই ব্যবস্থা চালু হবে না। তাই যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কাছ থেকে জেনে নেওয়া উচিত যে আপনার ফ্লাইটে ডিজিটাল আগমন কার্ড প্রযোজ্য কি না।
সূত্র: অস্ট্রেলিয়ান সরকারের ঘোষণা এবং ১৩ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত বিভিন্ন অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন।