অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরের কনকনে শীতের আমেজকে বুড়ো আঙুল দেখিয়ে গত শুক্রবারের (২৬ জুন ২০২৬) সন্ধ্যাটি রূপ নিয়েছিল এক উষ্ণ, মায়াবী উৎসবে। স্থানীয় প্রবাসী বাঙালি ও চলচ্চিত্রপ্রেমীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেখানে হাজির হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। ভক্তদের সঙ্গে সরাসরি আড্ডা, খুনসুটি আর মনখোলা মতবিনিময়ের মধ্য দিয়ে এক অবিস্মরণীয় সময় পার করলেন এই তারকা।
অ্যাডিলেডের অত্যন্ত পরিচিত ও ঐতিহ্যবাহী মারকারি সিনেমা প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছিল আরিফিন শুভর সর্বশেষ বহুল আলোচিত চলচ্চিত্র ‘মালিক’-এর একটি বিশেষ প্রদর্শনীর। কোয়াযার সোনোমাটোগ্রাম-এর ব্যানারে আয়োজিত এই প্রদর্শনীকে ঘিরে আরিফিন শুভর ভক্তদের মধ্যে গত কয়েকদিন ধরেই ছিল তুমুল উন্মাদনা। যখন পিনপতন নীরবতায় রূপালি পর্দায় শুভর শক্তিশালী অভিনয় উপভোগ করছিলেন, তখনো কেউ জানতেন না পর্দার পেছনের আসল চমকটি কী হতে চলেছে! ছবির প্রদর্শনী যখন প্রায় শেষের দিকে, ক্লাইম্যাক্সের রেশ ধরে দর্শকরা যখন আবিষ্ট, ঠিক তখনই নিঃশব্দে প্রবেশ করেন আরিফিন শুভ। আলো-আঁধারির মাঝে প্রিয় নায়ককে হঠাৎ সশরীরে আবিষ্কার করতেই পুরো মিলনায়তন জুড়ে মুহূর্তের মধ্যে করতালির ঝড় ওঠে। দর্শকদের চমকে দেওয়ার এই ছকটি যে শতভাগ সফল হয়েছে, তা উপস্থিত সবার মুখের চওড়া হাসি আর উল্লাস দেখেই বোঝা যাচ্ছিল।

এ সময় শুভকে উষ্ণ অভ্যর্থনা জানান কোয়াযার সোনোমাটোগ্রাম-এর সিইও, পরিচালক ও এক্সিকিউটিভ প্রযোজক শারমিন। তিনি অত্যন্ত আনন্দের সাথে স্থানীয় দর্শকদের সামনে শুভর বর্ণিল ক্যারিয়ারের কথা তুলে ধরেন। চলচ্চিত্রের সফল প্রদর্শনী শেষে শুরু হয় মূল আকর্ষণ—মতবিনিময় পর্ব। শুভ প্রবাসীদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি দর্শকদের উদ্দেশে বলেন:
“দেশ থেকে এত দূরে, প্রবাসের মাটিতে বসে আপনারা যেভাবে বাংলা সিনেমাকে বুকে টেনে নিয়েছেন, তা সত্যিই অবিশ্বাস্য। আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসা, প্রতিটি গঠনমূলক মতামত আর তাৎক্ষণিক প্রতিক্রিয়াই আমার ভবিষ্যৎ কাজের দিকনির্দেশনা নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ভালোবাসার ঋণ শোধ করার নয়।”
অনুষ্ঠানে আগত দর্শকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি শুভ বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন শারমিন এবং তাঁর পুরো ম্যানেজমেন্ট টিমের প্রতি। অত্যন্ত নিখুঁত, সুন্দর ও সুশৃঙ্খলভাবে এমন একটি আন্তর্জাতিক মানের স্মরণীয় আয়োজন সম্পন্ন করার জন্য তিনি আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।
আনুষ্ঠানিক বক্তব্য শেষে শুরু হয় ভক্তদের আবদার মেটানোর পর্ব। শুভ নিজেই এগিয়ে যান দর্শকদের সারিতে। একের পর এক সেলফি, অটোগ্রাফ আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি রূপ নেয় এক পারিবারিক মিলনমেলায়। প্রবাসের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে প্রিয় তারকার এমন সহজ-সরল ও আন্তরিক সান্নিধ্য অ্যাডিলেডের দর্শকদের স্মৃতিতে দীর্ঘদিন এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।