গাড়ি চালানোর সময় এক মুহূর্তের জন্যও চোখ রাস্তা থেকে সরানো বিপজ্জনক। অথচ অনেক চালকই ফোনে কথা বলা, বার্তা পড়া কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম দেখার মতো কাজে গাড়ি চালানোর সময় মুঠোফোন ব্যবহার করেন। এই প্রবণতা নিয়ন্ত্রণে দক্ষিণ অস্ট্রেলিয়ায় নজরদারি আরও জোরদার করা হচ্ছে।
7 News অস্ট্রেলিয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, অ্যাডিলেডে আরও দুটি এআই প্রযুক্তিনির্ভর ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে গাড়ি চালানোর সময় চালকের হাতে মুঠোফোন রয়েছে কি না, তা শনাক্ত করা সম্ভব। নিয়ম ভঙ্গ করে ধরা পড়লে চালককে ৭০০ ডলার জরিমানা এবং তিনটি ডিমেরিট পয়েন্টের মুখোমুখি হতে হবে।
দক্ষিণ অস্ট্রেলিয়ার পরিবহন ও অবকাঠামো বিভাগের তথ্য অনুযায়ী, নতুন দুটি ক্যামেরা বসানো হচ্ছে অ্যাডিলেডের ব্যস্ত দুটি সড়কে।
1. পেইনহাম রোড, ফেলিক্সস্টো (Payneham Road, Felixstow)
2. নর্থ ইস্ট রোড, ভ্যালি ভিউ (North East Road, Valley View)
ক্যামেরা দুটি স্থাপনের কাজ শেষ হলে পুলিশি পরীক্ষার মধ্য দিয়ে এগুলো চালু করা হবে। পরীক্ষা শেষ হওয়ার পরই শুরু হবে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানা কার্যক্রম। অর্থাৎ ক্যামেরা স্থাপন করা হলেও পরীক্ষার সময় শেষ না হওয়া পর্যন্ত এগুলো থেকে জরিমানা কার্যকর হবে না।
অ্যাডিলেডে গাড়ি চালানোর সময় মুঠোফোন ব্যবহার করে ধরা পড়লে চালকদের গুনতে হবে ৭০০ ডলার জরিমানা। একই সঙ্গে চালকের লাইসেন্সে যুক্ত হবে তিনটি ডিমেরিট পয়েন্ট। সড়কে চালকদের অসতর্কতা ও মোবাইল ফোন ব্যবহারের প্রবণতা ঠেকাতে আরও দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা বসানো হয়েছে।
নতুন দুটি ক্যামেরা যুক্ত হলে অ্যাডিলেডের মেট্রোপলিটন এলাকায় এ ধরনের ক্যামেরার সংখ্যা দাঁড়াবে সাতটিতে। এর আগে পাঁচটি গুরুত্বপূর্ণ সড়কে এসব ক্যামেরা চালু করা হয়েছে। সেগুলো হলো—
- সাউদার্ন এক্সপ্রেসওয়ে, ডার্লিংটন
- নর্থ-সাউথ মোটরওয়ে, রিজেন্সি পার্ক
- পোর্ট রোড, হিন্ডমার্শ
- পোর্ট ওয়েকফিল্ড রোড, জিপস ক্রস
- সাউথ রোডের টরেন্সভিল এলাকার ক্যামেরাটি স্থানান্তরের পর রিজেন্সি পার্কের উত্তরমুখী অংশে।
২০২৬ সালের ১ জুলাই থেকে দক্ষিণ অস্ট্রেলিয়ায় মোবাইল ফোন ব্যবহারের অপরাধে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে। মূল জরিমানা: ৫৯২ ডলার, ভিকটিমস অব ক্রাইম লেভি ১০৮ ডলার, মোট জরিমানা ৭০০ ডলার, ডিমেরিট পয়েন্ট ৩
১৮ বছর বা তার বেশি বয়সী চালকদের ক্ষেত্রে এই ১০৮ ডলারের লেভি প্রযোজ্য। ১৮ বছরের কম বয়সীদের জন্য লেভির পরিমাণ ২০ ডলার।
অনেক চালকের ধারণা, গাড়ি চালানোর সময় ফোনে কথা না বললেই হয়তো তাঁরা আইন ভঙ্গ করছেন না। কিন্তু বিষয়টি এত সরল নয়।অস্ট্রেলিয়ান রোড রুল ৩০০ অনুযায়ী, গাড়ি চলন্ত অবস্থায় বা ট্রাফিকের মধ্যে থাকাকালে মুঠোফোনের বেআইনি ব্যবহার নিষিদ্ধ। ফোন হাতে রাখা, ব্যবহার করা কিংবা কোলে রেখে ব্যবহার করাও পরিস্থিতি অনুযায়ী আইনের আওতায় পড়তে পারে।তাই ফোনে বার্তা পড়া, সামাজিক যোগাযোগমাধ্যম দেখা কিংবা অন্য কোনো কাজে ফোন হাতে নেওয়া থেকে বিরত থাকতে হবে। গাড়ি চালানোর আগে ফোন নিরাপদে নির্ধারিত স্থানে রেখে দেওয়া এবং প্রয়োজনীয় নেভিগেশন ব্যবস্থা আগে থেকেই ঠিক করে নেওয়াই নিরাপদ।
৭নিউজের প্রতিবেদন অনুযায়ী, রাজ্য সরকারের বাজেট পূর্বাভাসে চার বছরে এই ক্যামেরা কার্যক্রম থেকে প্রায় ১ দশমিক ১ বিলিয়ন ডলার আয়ের হিসাব দেখানো হয়েছে।এদিকে ভবিষ্যতে আরও ছয়টি স্থানে ১৫টি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ চলছে। তবে এসব স্থানের চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ করা হয়নি।ক্যামেরার অবকাঠামো দেখা গেলেও ভবিষ্যতের সম্ভাব্য সব অবস্থানকে এখনই নিশ্চিত ক্যামেরা স্থাপনের স্থান হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই।
দক্ষিণ অস্ট্রেলিয়ার সড়ক নিরাপত্তা বিভাগের তথ্য অনুযায়ী, গাড়ি চালানোর সময় মুঠোফোন ব্যবহার করলে আহত হওয়ার মতো দুর্ঘটনায় জড়িয়ে পড়ার ঝুঁকি চার গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। টেক্সট মেসেজ পড়া বা লেখার ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি সরকারি তথ্য বলছে, দক্ষিণ অস্ট্রেলিয়ায় চার বছরে মুঠোফোন ব্যবহারসংক্রান্ত অপরাধে পুলিশ ৩০ হাজার ৩৫৪টি জরিমানার নোটিশ দিয়েছে। অর্থাৎ বছরে গড়ে প্রায় ৭ হাজার ৬০০টি ঘটনা নথিভুক্ত হয়েছে।
অ্যাডিলেডের নতুন ক্যামেরাগুলো চালু হলে ব্যস্ত সড়কগুলোতে চালকদের ওপর নজরদারি আরও বাড়বে। বিশেষ করে প্রতিদিন কর্মস্থলে যাতায়াতকারী, শিক্ষার্থী বহনকারী অভিভাবক এবং দীর্ঘ সময় গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন, এমন চালকদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।
তথ্যসূত্র: ৭নিউজ অস্ট্রেলিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া সরকারের THINK! Road Safety এবং Department for Infrastructure and Transport।