অ্যাডিলেডে ঈদ আমেজে বাংলা সিনেমা: আসছে ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’

অস্ট্রেলিয়ার দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালিদের জন্য এবারের ঈদুল ফিতর হয়ে উঠছে আক্ষরিক অর্থেই উৎসবমুখর। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলার জনপ্রিয় শিল্পীদের অভিনীত দুটি বড় সিনেমা— ‘দম’ এবং ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে অ্যাডিলেডে শুরু হয়েছে নতুন উন্মাদনা। শহরের প্রাণকেন্দ্রে Cinema 5, Palace nova Prospect এর পর্দায় এবার বাংলাদেশি সিনেমার এক অভূতপূর্ব সংমিশ্রণ ঘটতে যাচ্ছে।

সবার নজর কেড়েছে তানিম নূর পরিচালিত এবং প্রয়াত কিংবদন্তি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। নব্বই দশকের স্মৃতিবাহী এক ট্রেন ভ্রমণকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সিনেমায় অভিনয় করেছেন একঝাঁক তারকা— চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর এবং শরিফুল রাজ। হুমায়ূন আহমেদের জাদুকরী গল্প আর আধুনিক মেকিংয়ের মিশেলে সিনেমাটি প্রবাসে বড় হওয়া নতুন প্রজন্মের কাছেও বাংলার সংস্কৃতিকে ভিন্নভাবে উপস্থাপন করবে বলে ধারণা করা হচ্ছে। ছবিতে চিত্রা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা। তিনি জানান, এফডিসিতে সেট ফেলে দুইটা ট্রেন তৈরি করা হয়েছিল। সেখানেই হয়েছে সিনেমাটির শুটিং। সাবিলা বলেন, ‘সেট বানাতে মনে হয় দেড় মাসের মতো সময় লেগেছে; কিন্তু এটা এত বাস্তবসম্ভত ছিল যে শুটিংয়ের সময় মনে হচ্ছিল, আসল ট্রেনের মতোই চলছে। বাসায় যাওয়ার পর যখন মেকআপ তুলছি, তখনো মনে হচ্ছে সবকিছু দুলছে (মোশনের মতো)। সেটে যতক্ষণ আমরা শুটিং করেছি ততক্ষণও ঝাঁকি ছিল। আমাদের শিল্পনির্দেশক রাজীন ভাইয়া দারুণ কাজ করেছেন। তিনি এত দারুণভাবে ডিজাইন করেছেন, আমাদের একটাবারের জন্যও মনে হয়নি, এটা আসল ট্রেন না। পরে যখন আসল ট্রেনে শুটিংয়ে গেছি তখন মনে হয়েছে সেটেরটাই ভালো ছিল।’

দম চলচ্চিত্রটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এবং গল্পটি একজন সাধারণ মানুষের স্থিতিস্থাপকতা এবং মানসিক শক্তির উপর কেন্দ্রীভূত।

‘জন্মের পরেই শুরু হয় দমের খেলা। আর মৃত্যুর যহন আপনি খুব কাছাকাছি, তহন দম ধইরা রাখতে যেমন কষ্টের, দম একবারে ছাইড়া দিতে আরও কষ্ট।’ ট্রেলার দেখে বোঝা যায়, নিশো অভিনীত নূর চরিত্রটিকে একটি গোষ্ঠী আটকে রেখে মুক্তিপণ দাবি করে, না দিলেই হত্যা করা হবে। ঘোষণার সময় থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল। বিশেষ করে ১০ বছর পর বড় পর্দায় নির্মাতা রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা সিনেমাটি ঘিরে দর্শকের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে। দম’ সিনেমার চরিত্রনাট্য লিখেছেন রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও সাইফুল্লাহ রিয়াদ। ছবির বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি সহপ্রযোজিত ‘দম’ মুক্তি পাচ্ছে পবিত্র ঈদুল ফিতরে।

সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ও ২৯ মার্চ থেকে বিশেষ প্রদর্শনীগুলো শুরু হবে। পরিবারের সবাইকে নিয়ে সিনেমা দেখার এই আয়োজন প্রবাসী বাঙালিদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে। টিকেট পাওয়া যাবে অনলাইনে এবং নির্দিষ্ট হলের কাউন্টারে।